রাষ্ট্রপতিকে অভিনন্দন

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ডুয়েট ভিসি ও মফস্বল সাংবদিক ইউনিয়ন।

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন-বিআরজেইউ। একই সাথে নতুন করে শপথ নেয়া চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীকেও অভিনন্দন জানিয়েছে সংগঠনটি।

শনিবার সংগঠনের পক্ষ থেকে দেয়া এক যৌথ অভিনন্দন বার্তায় বিআরজেইউ সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান ও মহাসচিব শেখ মোহাম্মদ তাজুল ইসলাম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানান।

অভিনন্দন বার্তায় বিআরজেইউ সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান ও মহাসচিব শেখ মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দায়িত্ব গ্রহণ দেশের রাজনৈতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। তারা আশা প্রকাশ করেন, রাষ্ট্রপতির দায়িত্ব পালনের মাধ্যমে তিনি দেশের সংবিধান, গণতন্ত্র, আইনের শাসন এবং জনগণের অধিকার সমুন্নত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

তারা আরো বলেন, গণমাধ্যম ও সাংবাদিকদের অধিকার রক্ষা, স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করা এবং দেশের মফস্বল সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও মর্যাদা বৃদ্ধিতে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে ইতিবাচক ভূমিকা প্রত্যাশা করে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন-বিআরজেইউ।

এ দিকে নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, সরকারের নতুন দায়িত্বপ্রাপ্ত সদস্যরা দেশের উন্নয়ন, সুশাসন, জনকল্যাণ এবং জনগণের প্রত্যাশা পূরণে নিষ্ঠা ও সততার সাথে কাজ করবেন এটাই তাদের প্রত্যাশা। বিআরজেইউর নেতৃবৃন্দ নবনিযুক্ত রাষ্ট্রপতি, মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দায়িত্ব পালনে সার্বিক সাফল্য কামনা করেন।

ডুয়েট ভিসির অভিনন্দন

বাসস জানায়, নবনির্বাচিত রাষ্ট্রপতি এবং ডুয়েটের চ্যান্সেলর মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এর ভিসি অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল। অভিনন্দন বার্তায় তিনি বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন অভিজ্ঞ, প্রাজ্ঞ ও পরিশীলিত রাজনীতিবিদ হিসেবে সর্বমহলে স্বীকৃত এবং সকলের কাছে সুপরিচিত। দীর্ঘ রাজনৈতিক ও কর্মজীবনে তিনি তার মেধা, প্রজ্ঞা, দূরদর্শিতা ও নেতৃত্বের মাধ্যমে দেশের রাজনীতি ও জনজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। একজন প্রাজ্ঞ ও বর্ষীয়ান রাজনীতিবিদ হিসেবে তিনি রাষ্ট্রের কর্ণধার হিসেবে নির্বাচিত হওয়ায় আমি আনন্দিত। এটি তার সুদীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও বলিষ্ঠ নেতৃত্বের প্রতি জাতির অবিচল আস্থার সুদৃঢ় প্রতিফলন।’

তিনি আশা প্রকাশ করেন, রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার প্রজ্ঞা, অভিজ্ঞতা ও দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদের মর্যাদা সমুন্নত রাখবেন এবং দেশের গণতন্ত্র সুসংহতকরণ, আইনের শাসন প্রতিষ্ঠা, জাতীয় ঐক্য সাধন ও জনকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।