বিএইচবিএফসির ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

Printed Edition
artho-2
বিএইচবিএফসির ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

রাজধানীর বিদ্যুৎ ভবনস্থ মুক্তি হলে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন (বিএইচবিএফসি) ‘ব্যবস্থাপক সম্মেলন-২০২৬’ গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (এফআইডি)-এর সচিব নাজমা মোবারেক সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন। সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক মো: আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিএইচবিএফসি পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাবেক মন্ত্রিপরিষদ সচিব এ এস এম আব্দুল হালিম, পর্ষদের সব পরিচালক এবং এফআইডির ঊর্ধ্বতন নির্বাহীরা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠানের উপব্যবস্থাপনা পরিচালক মো: নূর আলম সরদার গুরুত্বপূর্ণ পর্ব পরিচালনা করেন। বিএইচবিএফসির মাঠপর্যায়ের সব অফিসের প্রধানদের অংশগ্রহণে প্রতি বছর এ সম্মেলনের আয়োজন করা হয়ে থাকে। এ বছর সর্বমোট ৯১টি মাঠ কার্যালয়ের ব্যবস্থাপকরা সম্মেলনে অংশ নেন।

ব্যবস্থাপনা পরিচালক সম্মেলনে জানান। ২০২৪-২৫ অর্থবছরে ব্যবসায় ক্ষেত্রে প্রতিষ্ঠানটির এ যাবৎকালের সেরা সাফল্য অর্জন করেছে। বিশেষ করে শ্রেণীকৃত ঋণ ৩.৪৫ শতাংশে নামিয়ে আনা, উল্লেখযোগ্য পরিমাণ ঋণ বিতরণ, ঋণ আদায় এবং মুনাফা ২.৫২ শতাংশ বৃদ্ধি প্রসঙ্গ উপস্থাপন করে এসব সাফল্য আগামীর দায়িত্ব বাড়িয়ে দিয়েছে মর্মে উল্লেখ করেন। তিনি ২০২৫-২৬ অর্থবছরের শুরুতেই অর্থবছরের অর্জন বিষয়ক লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেয়া ও তা অর্জনের রূপরেখা সম্পর্কে আলোচনা করেন। মো: আব্দুল মান্নান ডিজিটাইজেশনের ক্ষেত্রে প্রতিষ্ঠানটির গৃহীত নানা কর্মসূচির তথ্য তুলে ধরে সবার সর্বাত্মক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

উদ্বোধনী বক্তব্যে এফআইডি সচিব গৃহায়নের ক্ষেত্রে সরকারিভাবে ঋণ প্রদানকারী একমাত্র সংস্থা হিসেবে বিএইচবিএফসির কর্মপরিধি বিষয়ে আলোচনার সূত্রপাত করে নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠানটিকে রোল মডেল হিসেবে প্রতিষ্ঠার আহ্বান জানান। এক্ষেত্রে প্রতিষ্ঠানের কর্মকর্তাদের প্রত্যেককে সততা, দক্ষতা, প্রতিষ্ঠানের প্রতি ভালোবাসা এবং প্রত্যয়ের সমাহার ঘটিয়ে নিজেকে প্রতিষ্ঠা তথা দেশের জন্য সম্পদে পরিণত করারও আহ্বান জানান। বিজ্ঞপ্তি।