বাগমারায় কৃষিজমিতে পুকুর খননের হিড়িক সড়ক ক্ষতিগ্রস্ত
Printed Edition
মো: আব্দুর রাজ্জাক বাগমারা (রাজশাহী)
রাজশাহীর বাগমারা উপজেলায় কৃষিজমিতে অবৈধভাবে পুকুর খননের প্রবণতা বাড়ছে। এতে এক দিকে জমির উর্বরতা নষ্ট হচ্ছে, অন্য দিকে মাটি পরিবহনের কারণে পাকা সড়ক ক্ষতিগ্রস্ত হয়ে জনদুর্ভোগ বাড়াচ্ছে।
উপজেলার ১৬টি ইউনিয়ন ও দুটি পৌরসভার বিভিন্ন এলাকায় পুকুর খননের নামে উর্বর মাটি ইটভাটায় বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। অনুসন্ধানে জানা গেছে, একটি প্রভাবশালী চক্র এসব কার্যক্রম পরিচালনা করছে।
গোয়ালকান্দি ইউনিয়নের জলপাইতলা এলাকায় কৃষক আমীর আলীর জমিতে একটি প্রকল্পের নামে পুকুর খনন চলছে। স্থানীয়দের অভিযোগ, প্রকল্পের আড়ালে রাতে মাটি বিক্রি করা হচ্ছে। একই ইউনিয়নের বাগবাজারসংলগ্ন তেলিপুকুর গ্রামেও একই ধরনের কার্যক্রম চলছে।
স্থানীয় বাসিন্দারা জানান, কোনো অনুমতি ছাড়াই তিন ফসলিজমিতে খননকাজ করা হচ্ছে। খনন করা মাটি ট্রাক্টরে করে বিভিন্ন ইটভাটায় নেয়ার সময় সড়কের ওপর পড়ে থাকে। এতে সামান্য বৃষ্টিতেই সড়ক কাদাময় হয়ে পড়ে এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে তোলে।
গতকাল শুক্রবার বৃষ্টির পর বাগবাজার-হামিকুৎসা সড়কে অন্তত অর্ধশতাধিক মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়। এতে কয়েকজন আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।
স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের চোখের সামনে এসব কার্যক্রম চললেও কার্যকর ব্যবস্থা না নেয়ায় এসব অবৈধ মাটি বিক্রি কার্যক্রম বন্ধ হচ্ছে না।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভূঞা বলেন, অবৈধ পুকুর খনন বন্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। ইতোমধ্যে ১৫ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাস করে কারাদণ্ড দেয়া হয়েছে। এ ছাড়া ২১টি এক্সাভেটর জব্দ করে অকেজো করা হয়েছে।
তিনি আরো জানান, ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তবে স্থানীয়দের দাবি, স্থায়ীভাবে অবৈধ খনন বন্ধে কঠোর নজরদারি ও নিয়মিত তদারকি জরুরি।