বিগত সরকার ৯৮% গ্যাসের নিয়ন্ত্রণ বিশেষ দেশের হাতে তুলে দিয়েছিল : চিফ হুইপ

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

দেশের গ্যাস ও জ্বালানি খাতে দীর্ঘদিনের অব্যবস্থাপনা এবং রাষ্ট্রীয় সম্পদ নিয়ন্ত্রণের কারণেই বর্তমানে গ্যাস সঙ্কট তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ মো: নূরুল ইসলাম মনি। তিনি বলেন, বিগত সরকারের সময়ে দেশের ৯৮ শতাংশ গ্যাসের নিয়ন্ত্রণ একটি বিশেষ দেশের হাতে তুলে দেয়া হয়েছিল। ওই সরকারের আত্মঘাতী সিদ্ধান্ত ও জ্বালানি অব্যবস্থাপনার খেসারত এখন জনগণকে দিতে হচ্ছে।

গতকাল শনিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চিফ হুইপ বলেন, জনগণের সরকার সবার সহযোগিতা নিয়ে দেশের বিদ্যুৎ ও জ্বালানি সঙ্কট দূর করতে সক্ষম হবে। অতীতেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের বিভিন্ন সঙ্কট মোকাবেলা করে দেশকে স্থিতিশীল অবস্থায় নিয়ে গেছে। এবারো প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার ভঙ্গুর অর্থনীতিকে শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করাতে সক্ষম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলের কথা স্মরণ করে নূরুল ইসলাম বলেন, দেশ যখন দুর্ভিক্ষপীড়িত ছিল, তখন তিনি দায়িত্ব গ্রহণ করেন। মাত্র তিন বছরের মধ্যে দেশকে খাদ্য রফতানিকারক দেশে পরিণত করেছিলেন। বর্তমান সরকারও দেশের অর্থনৈতিক সঙ্কট কাটিয়ে উন্নয়নের পথে এগিয়ে যেতে পারবে। তবে এ জন্য দেশ পরিচালনায় সবার সহযোগিতা প্রয়োজন।

বিগত শাসনামলে দেশ থেকে প্রায় ৩০ লাখ কোটি টাকা পাচার করা হয়েছে দাবি করে চিফ হুইপ বলেন, পাচার করা এই বিপুল অর্থ দিয়ে দেশের কয়েকটি জাতীয় বাজেট বাস্তবায়ন করা সম্ভব ছিল। দীর্ঘদিন ধরে দেশের অর্থনীতি ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করার যে প্রক্রিয়া চলেছে, তা থেকে বেরিয়ে আসতে জাতীয় ঐক্য প্রয়োজন।

তিনি বলেন, স্বৈরাচার শুধু মানুষের বাক্থস্বাধীনতা কেড়ে নেয়নি, মানুষের আশা-আকাক্সক্ষা ও স্বপ্নও ধ্বংস করে দিয়েছে। ভবিষ্যৎ নিয়ে মানুষের প্রত্যাশা এবং একটি সুন্দর আগামীর স্বপ্ন সুপরিকল্পিতভাবে নষ্ট করা হয়েছিল।

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার তাগিদ

স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও দেশে গণতন্ত্রকে এখনো সঠিকভাবে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া সম্ভব হয়নি বলে মন্তব্য করেন নূরুল ইসলাম।

জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ ও আহতদের প্রসঙ্গে চিফ হুইপ বলেন, জুলাইয়ের শহীদদের পরিবারের জন্য সরকার সর্বাত্মক সহযোগিতা নিশ্চিত করবে। একই সাথে আহতদের প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হবে। তাদের যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের উদ্যোগও নেয়া হবে।

বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সভাপতি হুমায়ুন কবির বেপারীর সভাপতিত্বে আলোচনা সভায় অভিনেতা বাবুল আহমেদসহ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন। অনুষ্ঠানে রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজন, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।