সাভারে সাইফুল আলম খান মিলন এমপি

জুলাই সনদ বাস্তবায়ন ও সরকারকে সঠিক পথে দেশ পরিচালনার আহ্বান

Printed Edition

সাভার (ঢাকা) সংবাদদাতা

চরম দলীয়করণ বন্ধ করে জুলাই সনদ বাস্তবায়ন এবং সরকারকে সঠিক পথে দেশ পরিচালনার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন এমপি। গতকাল সাভারে ঢাকা জেলা জামায়তের উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থান-২০২৪-এর শহীদ ও আহত জুলাই যোদ্ধাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা জেলা আমির মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন। জেলা সেক্রেটারি মাওলানা মো: আফজাল হোসাইন সঞ্চালনা করেন।

সাইফুল আলম খান বলেন, শহীদ ও আহতদের সম্মাননা শুধু একটি আনুষ্ঠানিকতা নয়; এটি তাদের ত্যাগ, সাহস ও দেশপ্রেমের স্বীকৃতি। ভবিষ্যৎ প্রজন্মকে অন্যায়, বৈষম্য ও অবিচারের বিরুদ্ধে ন্যায় ও সত্যের পক্ষে দাঁড়ানোর অনুপ্রেরণা জোগাতেই এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ। জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের মাধ্যমে বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব। রাষ্ট্রের প্রতিটি নাগরিককে অধিকার ও মর্যাদা নিয়ে বসবাসের সুযোগ দিতে হবে। শহীদ ও আহতদের ত্যাগকে ধারণ করে একটি সুন্দর, সমৃদ্ধ ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে আত্মনিয়োগ করতে হবে। সভাপতির বক্তব্যে ঢাকা জেলা আমির মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন জুলাই গণ-অভ্যুত্থানের সব শহীদের শাহাদতের সর্বোচ্চ মর্যাদা এবং আহতদের দ্রুত সুস্থতা এবং দেশ ও জাতির শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন।

অনুষ্ঠানে ঢাকা জেলা নায়েবে আমির অধ্যক্ষ শাহীনুর ইসলাম, সহকারী সেক্রেটারি এ বি এম কামাল হোসাইন ও মাওলানা শাহাদাত হোসাইন, রাজনৈতিক স¤পাদক হাসান মাহবুব মাস্টার, আইনবিষয়ক স¤পাদক অ্যাডভোকেট মো: শহিদুল ইসলাম, প্রচার ও মিডিয়া সম্পাদক আসাদুজ্জামান জীম, যুব বিভাগের সভাপতি আ: রহীম মজুমদার, সাংস্কৃতিক সম্পাদক লুৎফর রহমান মোল্লাহ, শিক্ষা সম্পাদক অধ্যক্ষ মো: তৌহিদ হোসেন, জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট মীর আতাউর রহমান ও আব্দুল কুদ্দুস উপস্থিত ছিলেন। এ ছাড়া সাভার পৌর আমির আজিজুর রহমান, আশুলিয়া থানা আমির বশির আহমেদ, ধামরাই আমির মাওলানা আব্দুল হালিম, সাভার থানা আমির আব্দুল কাদের, ধামরাই পৌর আমির মাওলানা শামসুল ইসলামসহ ঢাকা জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে শতাধিক শহীদ ও আহত পরিবারের মধ্যে সম্মাননা স্মারক ও আর্থিক অনুদান প্রদান করা হয়।