দুমকিতে পায়রা নদীর ভাঙনে নিঃস্ব শতাধিক পরিবার

Printed Edition
bangla1
দুমকির পায়রা নদীর তীরে ভাঙন : নয়া দিগন্ত

দুমকি (পটুয়াখালী) সংবাদদাতা

পটুয়াখালীর দুমকিতে পায়রা নদীর ভাঙনে নদী তীরে বসবাসকারী শতাধিক পরিবার নিঃস্ব হয়ে পড়েছে। দীর্ঘ দিন ধরে ভাঙন রোধে কার্যকর উদ্যোগ না নেয়ায় তীরবর্তী গ্রামের মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছেন।

সরেজমিন দেখা গেছে, উপজেলার আঙ্গারিয়া, বাহেরচর ও পাঙ্গাশিয়ার আলগী গ্রামে ভয়াল ভাঙন অব্যাহত। স্থানীয়রা জানিয়েছেন, লেবুখালী থেকে আলগী গ্রাম পর্যন্ত প্রায় দুই কিলোমিটার ওয়াপদা বেড়িবাঁধ ভেঙে শতাধিক বসতবাড়ি নদীতে বিলীন হয়েছে। ভাঙনকবলিত পরিবারের নারী, পুরুষ ও শিশুদের সবাই নিজেদের মালামাল পাশের সরকারি রাস্তার ওপর স্তুপ করে রাখছেন।

আলগী গ্রামের ইউপি সদস্য সরোয়ার শিকদার বলেন, ‘মাথা গোঁজার শেষ সম্বলও এখন নিরাপদ নয়। ভাঙনের তীব্রতায় পরিবারগুলো আতঙ্কিত, জীবন-জীবিকা নষ্ট হচ্ছে।’ ভাঙনকবলিত সাইফুল ইসলাম জানান, বিগত পাঁচ-ছয় বছরে নদীতে প্রায় শতাধিক পরিবারের ঘরবাড়ি, ফসলি জমি ও বাগান বিলীন হয়েছে। তবে ত্রাণ বা সহায়তায় যথাযথ উদ্যোগ নেই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা সুলতানা জানান, বিষয়টি পানি উন্নয়ন বোর্ডসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে জানানো হয়েছে। পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিব বলেন, ‘নদী ভাঙন রোধে স্থায়ী সমাধানের জন্য প্রকল্প মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। আশা করি দ্রুত বাস্তবায়ন হবে।’

স্থানীয়রা দাবি করছেন, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে পায়রা নদীর ভাঙন আরো ভয়াবহ আকার নেবে এবং নিঃস্ব পরিবারগুলোর মানবেতর জীবন আরো সঙ্কটাপন্ন হবে।