ট্রাম্পের নৈশভোজে গুলিতে অভিযুক্তের যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে
Printed Edition
রয়টার্স
ওয়াশিংটন ডিসির হিলটন হোটেলে হোয়াইট হাউজ সংবাদদাতা সমিতির নৈশভোজে গুলি চালানো বন্দুকধারী কোল টমাস অ্যালেনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে। সোমবার আদালতে তোলা হলে প্রসিকিউটর জানান, দোষী সাব্যস্ত হলে ৩১ বছর বয়সী অ্যালেনের যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।
হামলাকারী অ্যালেন শনিবার রাতে ঘটনাস্থলে শটগান থেকে সিক্রেট সার্ভিসের এক এজেন্টের দিকে গুলি ছোড়েন। ক্যালিফোর্নিয়ার টরেন্সের বাসিন্দা অ্যালেনকে কড়া পাহারায় ওয়াশিংটন ফেডারেল আদালতে হাজির করা হয়। শুনানিতে প্রসিকিউটর জোসেলিন ব্যালানটাইন বলেন, ‘তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টা করেছিলেন।’
যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক সহিংসতার যে ধারা দেখা যাচ্ছে, এ ঘটনাকে তারই অংশ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। গত সেপ্টেম্বরে এক সমাবেশে রক্ষণশীল রাজনৈতিক কর্মী চার্লি কার্ককে গুলি করে হত্যা করা হয়। তার কয়েক মাস আগেই মিনেসোটার এক ডেমোক্র্যাটিক আইনপ্রণেতা ও তার স্বামী হত্যাকাণ্ডের শিকার হন। এ ছাড়া ২০২৪ সালের নির্বাচনী প্রচারের সময়ও ট্রাম্প দু’বার হত্যাচেষ্টার লক্ষ্যস্থল হয়েছিলেন।