পাহাড়ে নববর্ষের উৎসবের আমেজ
Printed Edition
খাগড়াছড়ি প্রতিনিধি
বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে পার্বত্য জেলা খাগড়াছড়িতে শুরু হয়েছে উৎসবের আমেজ। গতকাল মঙ্গলবার সকালে নতুন বছর বরণ ও পুরান বছরের বিদায় উপলক্ষে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বিভিন্ন সম্প্রদায়ের প্রধান সামাজিক উৎসব বৈসু, সাংগ্রাইং, বিজু, পাতা, চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ উপলক্ষে জেলা পরিষদের উদ্যোগে এক শোভাযাত্রার আয়োজন করা হয়।
শান্তির পায়রা ও রঙিন বেলুন উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি শহরের চেঙ্গী স্কয়ার, শাপলা চত্বর হয়ে টাউন হলে এসে শেষ হয়। এ সময় চাকমা, মারমা, ত্রিপুরাসহ বিভিন্ন সম্প্রদায়ের তরুণ-তরুণীসহ সর্বস্তরের জনগণ নিজেদের ঐতিহ্যবাহী পোশাকে বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়ে নেচে গেয়ে এতে অংশ নেন। অন্যান্য বছরের মতো এবারও শোভাযাত্রায় অংশ নিতে পেরে উচ্ছাস প্রকাশ করেন তারা।
শোভাযাত্রা শেষে টাউন হল চত্বরে তরুণী-তরুণীদের অংশগ্রহণে মারমাদের ঐতিহ্যবাহী পানি খেলা ও নৃত্য অনুষ্ঠিত হয়। জানা যায়, আগামী ৯ এপ্রিল ত্রিপুরাদের বৈসু শোভাযাত্রাসহ টাউন হল প্রাঙ্গণে ঐতিহ্যবাহী নৃত্য ও বিভিন্ন বর্ণিল উৎসব অনুষ্ঠিত হবে। ১২, ১৩ ও ১৪ এপ্রিল চাকমাদের ফুল বিজু, মূল বিজু ও গজ্যাপজ্যা এবং আগামী ১৪ এপ্রিল মারমাদের সাংগ্রাই শোভাযাত্রা ও পানি খেলা অনুষ্ঠিত হবে।