চিকিৎসার জন্য ভারতে গিয়ে ২ বন্ধুর মৃত্যু

Printed Edition

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা

উন্নত চিকিৎসার আশায় ভারতে গিয়ে মাত্র কয়েক দিনের ব্যবধানে মারা গেলেন গাজীপুরের দুই বন্ধু। পরে ভারতে থাকা আরেক বন্ধু শনিবার রাতে দর্শনা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তাদের লাশ বাংলাদেশে ফিরিয়ে আনেন।

দর্শনা ইমিগ্রেশন চেকপোস্ট সূত্রে জানা যায়, গাজীপুরের কাপাসিয়া উপজেলার ফুলবাড়িয়া এলাকার মো: হাবিবুর রহমান (৫৮) এবং কালীগঞ্জের কাপাসিয়া এলাকার বিল্লাল মাঝি (৫০) গত ১৫ জুন চিকিৎসার জন্য দর্শনা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যান। তারা কলকাতার এমআর বাঙ্গুর হাসপাতাল, যাদবপুরে ভর্তি হন।

ইমিগ্রেশন চেক পোস্ট সূত্র বলছে বিল্লাল মাঝি গত ৯ আগস্ট রাত ৯টা ১৫ মিনিটের দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অপর দিকে মো: হাবিবুর রহমান গত ১০ আগস্ট রাত ৭টা ৪৭ মিনিটের দিকে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী, হাবিবুর রহমান স্ট্রোকজনিত জটিলতায় এবং বিল্লাল মাঝি লিভার ক্যান্সারে চিকিৎসাধীন ছিলেন।

দুই বন্ধুর মৃত্যুর পর ভারতে তাদের লাশের প্রয়োজনীয় ইমিগ্রেশন ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। পরে তাদের আরেক বন্ধু মো: আবু নাহিদ (৪৫) লাশের দু’টি গ্রহণ করে বাংলাদেশে নিয়ে আসেন।

দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টের দায়িত্বশীল কর্মকর্তারা ভারতীয় বিএসএফ ও বাংলাদেশ বিজিবির সহযোগিতায় প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে ওই রাতেই লাশ দু’টি স্বজনদের কাছে হস্তান্তর করেন।