জুলাই গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন কারাগার থেকে পালানো ২ হাজার ২৪৭ জন বন্দির মধ্যে ১ হাজার ৫৫৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এখনো ৬৯০ জন বন্দি পলাতক রয়েছেন বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহার হোসেন।
মঙ্গলবার দুপুরে কারা সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।
কারা মহাপরিদর্শক বলেন, পালিয়ে যাওয়া ২ হাজার ২৪৭ জন কারাবন্দির মধ্যে ১ হাজার ৫৫৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এখনো ৬৯০ জন পলাতক রয়েছেন। তাদের গ্রেফতারে চেষ্টা চলছে। তবে নরসিংদী কারাগার থেকে পালানো ৮২৬ জনের মধ্যে ১৬৬ জনের কোনো তথ্য পাওয়া যাচ্ছে না।
কারাগারে কাউকে বিশেষ সুবিধা দেয়া হচ্ছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মোতাহার হোসেন বলেন, কারাগারে কাউকে বিশেষ সুবিধা দেয়া হচ্ছে না।
তিনি বলেন, বর্তমানে দেশে ৭৫টি কারাগার রয়েছে। প্রতিটি কারাগারের খাবারের পরিমাণ ও মান নিয়ন্ত্রণ করা হয়। ২১টি কারাগার সংস্কার প্রয়োজন।
কারাগারে মাদক প্রবেশ এবং এ কাজে কারারক্ষীদের সহায়তার বিষয়ে প্রশ্ন করা হলে কারা মহাপরিদর্শক বলেন, মাদক ও আর্থিক দুর্নীতির বিষয়ে কারা কর্তৃপক্ষ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।
তিনি জানান, গত দুই বছরে এসব কারণে ২১ জনকে বাধ্যতামূলক অবসর এবং ৮২ জনকে চাকরিচ্যুত করা হয়েছে। এছাড়া ৮৭০ জনের বিরুদ্ধে বিভিন্ন ধরনের বিভাগীয় মামলা করা হয়েছে। ছোটখাটো অপরাধের কারণে ৩০৩ জনকে প্রশাসনিকভাবে বিভিন্ন বিভাগ থেকে বাইরে পাঠানো হয়েছে। আমাদের কোনো কারারক্ষী যদি মাদক সংক্রান্ত কোনো অপরাধে জড়িয়ে পড়ে তাকে আমরা ফৌজদারি মামলা দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করছি।