সিজনাল ভক্ত : কাজী নাজরিন
Printed Edition
টুকুর পরিবারের সবাই আবার ফুটবলের সিজনাল ভক্ত। মানে চার বছর পর পর বিশ্বকাপ শুরু হলে চলে নানান আয়োজন। টুকুর বাবা বারান্দায় বড় একটা আর্জেন্টিনার পতাকা টাঙিয়ে দেয়। টুকু ও ছোট বোন টুম্পার জন্য নিয়ে আসা হয় আর্জেন্টিনার জার্সি। বাবা ও ছেলে মেয়ে তিনজন একই জার্সি পরে রাত জেগে ফুটবল খেলা দেখে। টুকুর মা তানিয়া জাহান আবার ভীষণ রকমের ব্রাজিল সাপোর্টার। তিনি ব্রাজিলের পতাকা টাঙিয়ে দেন আরেক বারান্দায়। এ ছাড়া ব্রাজিলের জার্সি তো আছেই। খেলা শুরু হলে তাদের মায়ের সাথে চলে পাল্টাপাল্টি তর্ক, যুক্তি। আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে হরেকরকম কথোপকথন। মজার বিষয় হলো তাদের কেউ-ই ব্রাজিল কিংবা আর্জেন্টিনার সব খেলোয়াড়ের নামও ঠিকমতো জানে না। আর্জেন্টিনা মানেই মেসি মেসি মেসি...। আর ব্রাজিল মানেই নেইমার নেইমার নেইমার...। টুকু বাবার সাথে সাথে কয়েকজনের নাম শিখেছে এই বছর খেলা দেখতে দেখতে। তবে আলোচিত নাম মেসি আর নেইমার। নিজেদের দল জিতে গেলে টুকুর বাবা নিয়ে আসে নানান পদের খাবার। টুকুর মা ব্রাজিল জিতলে হরেকরকম রান্নার আয়োজন শুরু করেন। শুধু টুকুর পরিবার নয় মাঝরাতে নিজেদের দলের মিছিল করে কত কত সিজনাল ভক্ত যাদের হিসাব নেই। সেদিন টুকুর স্কুল বন্ধুদের ক’জন মায়েরা টুকুর বাসায় আসে।
টুকুর মায়ের সাথে তাদের ভীষণ ভাব। শুরু হলো ফুটবল আলোচনা, সমালোচনা। আলোচনার মূল বিষয়ই যেন মেসি আর নেইমারকেন্দ্রিক। এ ছাড়া আর কাউকেই মায়েরা তেমন একটা চিনেন না বললেই চলে। ঘুরে ফিরে সিজনাল ভক্তদের বিশ্বকাপ ফুটবল মেসি আর নেইমারেই সীমাবদ্ধ।