বন্যার কারণে ৫ জেলায় আজকের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

বন্যার পরিস্থিতির অবনতি ঘটায় দেশের পাঁচটি জেলার আজ শনিবারের এইচএসসি-আলিম, এইচএসসি (বিএমটি) ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে। জেলা গুলো হলো- চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙ্গামাটি। শুক্রবার বিকেলে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ তথ্য জানিয়েছে। পাশাপাশি চট্টগ্রাম বোর্ড এবং মাদরাসা ও কারিগরি বোর্ডও পৃথক বিজ্ঞপ্তি দিয়ে পরীক্ষা স্থগিতের ঘোষণা দিয়েছে।

সময়সূচি অনুযায়ী আজ চট্টগ্রাম বোর্ডের অধীন এইচএসসিতে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ের পরীক্ষা হওয়ার কথা ছিল। আর মাদরাসা বোর্ডের অধীন আলিমে ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষা ছিল। এ ছাড়া কারিগরি বোর্ডের অধীনে হিসাববিজ্ঞান নীতি ও প্রয়োগ-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. পারভেজ সাজ্জাদের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবহাওয়ার মারাত্মক অবনতি ও বন্যা পরিস্থিতি খারাপ হওয়ায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলার শনিবারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের (বিষয় কোড-২৭৫) পরীক্ষাটি স্থগিত করা হলো।

এতে আরো বলা হয়, বিদ্যুৎ না থাকায় সব কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের মাইকিং করে এলাকায় বিষয়টি জানিয়ে দেয়ার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পরে জানিয়ে দেয়া হবে।

অন্য দিকে দেশের ১১টি শিক্ষা বোর্ডের মোর্চা বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের সই করা জরুরি বিজ্ঞপ্তিতে চট্টগ্রামসহ পাঁচ জেলার এইচএসসির সাথে আলিম, কারিগরির এইচএসসিসহ (বিএমটি) সব সমমান পরীক্ষা স্থগিতের কথা জানানো হয়।

পৃথক ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম বোর্ডের অধীন সব জেলা প্রশাসকের (ডিসি) প্রতিবেদন এবং চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের পরীক্ষা স্থগিতের অনুরোধের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম বোর্ড (সব জেলা) ও চট্টগ্রাম বোর্ডের আওতাধীন মাদরাসা ও কারিগরি বোর্ডের শনিবারের এইচএসসি, আলিম, এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা স্থগিত করা হলো।