বৃষ্টির প্রভাবে বেড়েছে মুরগি ও ডিমের দাম
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
রাজধানীসহ দেশের বিভিন্ন বাজারে ব্রয়লার মুরগি ও ফার্মের ডিমের দাম আবারো বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন, টানা বৃষ্টির কারণে খামার থেকে সরবরাহ কমে যাওয়ায় দাম ঊর্ধ্বমুখী হয়েছে। তবে একই সময়ে কিছু মৌসুমি সবজির দাম কিছুটা কমেছে।
গতকাল রাজধানীর কয়েকটি খুচরা বাজার ঘুরে দেখা যায়, বাজারভেদে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৮০ থেকে ১৯০ টাকায় বিক্রি হচ্ছে। এক সপ্তাহ আগে একই মুরগির দাম ছিল ১৬০ থেকে ১৮০ টাকার মধ্যে। অর্থাৎ কেজিপ্রতি ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। ফার্মের মুরগির ডিমের দামও কিছুটা বৃদ্ধি পেয়েছে। বর্তমানে প্রতি ডজন ডিম ১২০ থেকে ১৩০ টাকায় বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহে ছিল ১১৫ থেকে ১২৫ টাকার মধ্যে।
দুয়ারীপাড়া বাজারের এক বিক্রেতা জানান, কয়েক দিনের টানা বৃষ্টিতে বিভিন্ন এলাকা থেকে মুরগি পরিবহনে সমস্যা হয়েছে। সরবরাহ কম থাকায় পাইকারি বাজার থেকেই বেশি দামে কিনতে হচ্ছে, যার প্রভাব খুচরা বাজারেও পড়েছে। আরেক ব্যবসায়ী বলছেন, অতিবৃষ্টির সময় অনেক খামারে মুরগির মৃত্যুহার বেড়ে যায়। এতে উৎপাদন ব্যাহত হওয়ায় খামারিরা বেশি দামে মুরগি বিক্রি করছেন।
অন্যদিকে, মৌসুমি কিছু সবজির দামে স্বস্তি ফিরেছে। ছোট পটোল ও ধুন্দল কেজিপ্রতি ৪০ থেকে ৪৫ টাকায় বিক্রি হচ্ছে, যা আগে ছিল প্রায় ৫০ টাকা। ঢেঁড়সের দামও কেজিতে পাঁচ থেকে ১০ টাকা কমেছে। তবে বেগুনের বাজার কিছুটা চড়া। লম্বা বেগুন ৮০ থেকে ৯০ টাকা এবং গোল বেগুন ৯০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এ ছাড়া করলা জাত ও মানভেদে ৫০ থেকে ৭০ টাকা, কাঁচা পেঁপে ৪০ থেকে ৪৫ টাকা, চিচিঙ্গা ৫০ থেকে ৬০ টাকা, কচুর মুখি ৬৫ থেকে ৭০ টাকা এবং একটি চালকুমড়া ৪০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের মধ্যে পেঁয়াজের বাজার স্থিতিশীল রয়েছে। মানভেদে প্রতি কেজি পেঁয়াজ ৪০ টাকার আশপাশে বিক্রি হচ্ছে। লেবু, কাঁচামরিচ ও শসার দামেও বড় ধরনের পরিবর্তন দেখা যায়নি।
এদিকে গরু ও খাসির গোশতের দাম আগের অবস্থানেই রয়েছে। মাছের বাজারও তুলনামূলক চড়া। বাজারে চিংড়ি ও বাইম মাছ ৬০০ থেকে ৮০০ টাকা, কৈ ৪০০ থেকে ৫০০ টাকা, পাবদা ৩০০ থেকে ৪০০ টাকা, বড় রুই ৪০০ থেকে ৪৫০ টাকা এবং টেংরা ৬০০ থেকে ৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া ভেটকি ৪০০ থেকে ৫৫০ টাকা, তেলাপিয়া ২২০ থেকে ২৩০ টাকা, পাঙ্গাশ ২০০ থেকে ২২০ টাকা, মৃগেল ২৫০ থেকে ৩০০ টাকা, পোয়া ২৬০ টাকা এবং শোল মাছ প্রায় ৭০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।