লাকসামে ভুল অপারেশনে শিশুর মৃত্যু

Printed Edition

লাকসাম (কুমিল্লা) সংবাদদাতা

কুমিল্লার লাকসামে হাতের আঘাতের চিকিৎসা নিতে গিয়ে অপারেশনের পর আবদুল্লাহ আল হোসাইন (৮) নামে এক শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্বজনদের অভিযোগ, ভুল চিকিৎসা ও অবহেলার কারণেই শিশুটির মৃত্যু হয়েছে।

নিহত শিশু উপজেলার কেমতলী গ্রামের বাসিন্দা হারুনুর রশিদের একমাত্র সন্তান। পরিবার সূত্রে জানা যায়, খেলাধুলার সময় হাতে আঘাত পেলে তাকে দ্রুত লাকসাম ইউনিটি ট্রমা হাসপাতালে নেয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক শিশুটিকে ভর্তি করে অপারেশনের পরামর্শ দেন এবং প্রায় ৩৫ হাজার টাকা ব্যয়ের কথা জানান। সন্তানের সুস্থতার আশায় পরিবার অপারেশনে সম্মতি দেয়।

গত বৃহস্পতিবার দুপুরে শিশুটিকে অপারেশন থিয়েটারে নেয়া হয়। পরিবারের দাবি, দীর্ঘ সময় পর বিকেলে হাসপাতাল কর্তৃপক্ষ জানায় রোগীর অবস্থা আশঙ্কাজনক, দ্রুত কুমিল্লায় নেয়া প্রয়োজন। পরে একটি বেসরকারি হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক জানান, শিশুটির আগেই মৃত্যু হয়েছে।

ঘটনার পর ক্ষুব্ধ স্বজনরা রাতে লাশ নিয়ে লাকসামে ফিরে এসে হাসপাতালের সামনে অবস্থান নেন। একপর্যায়ে বিক্ষোভকারীরা সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে লাকসাম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। হাসপাতাল কর্তৃপক্ষ সুষ্ঠু সমাধানের আশ্বাস দিলেও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

নিহতের পরিবার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। স্থানীয়দের মধ্যেও ক্ষোভ বিরাজ করছে এবং দ্রুত প্রশাসনিক পদক্ষেপের দাবি উঠেছে।