যুদ্ধের আগের অবস্থায় ফিরল তেলের দাম

Printed Edition

আলজাজিরা

মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি তেলের সরবরাহ বৃদ্ধির সম্ভাবনায় বিশ্ববাজারে তেলের দাম কমতে কমতে ইরান যুদ্ধ শুরুর আগের স্তরে নেমে এসেছে। মধ্যপ্রাচ্য থেকে সরবরাহ বাড়ার এই প্রত্যাশা বাজারে তেলের চাহিদাবিষয়ক উদ্বেগকে ছাপিয়ে গেছে।

বৃহস্পতিবার গ্রিনিচ মান সময় (জিএমটি) সকাল ৬টা ৩৯ মিনিটে আগামী আগস্ট মাসে সরবরাহের চুক্তিতে ব্রেন্ট ক্রুড ফিউচার্সের দাম ১.০৬ ডলার বা ১.৪৪ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৭২.৬৮ ডলারে দাঁড়িয়েছে। অন্য দিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৭৬ সেন্ট বা ১.০৮ শতাংশ কমে হয়েছে ব্যারেলপ্রতি ৬৯.৫৮ ডলার। গত ২৭ ফেব্রুয়ারির পর তেলের এই দু’টি চুক্তিতেইÑ এটি সর্বনিম্ন দামের রেকর্ড।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, সেপ্টেম্বর মাসের চুক্তির তেলের দাম যেখানে ছিল ৭৩.৫৯ ডলার, সেখানে আগস্টের ব্রেন্ট ক্রুডের দাম তার চেয়ে কম মূল্যে কেনাবেচা হচ্ছে। এটি মূলত বাজারে স্বল্পমেয়াদে তেলের পর্যাপ্ত সরবরাহেরই ইঙ্গিত দেয়। এর আগে গত বুধবার সরবরাহ নিয়ে উদ্বেগ কমে আসায় ব্রেন্ট ক্রুডের দাম তিন ডলারের বেশি কমেছিল এবং ডব্লিউটিআইয়ের দামও প্রায় তিন ডলার কমে স্থির হয়েছিল।