টঙ্গীতে গণপিটুনিতে অজ্ঞাত যুবকের মৃত্যু

Printed Edition

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে এক অজ্ঞাত যুবকের (২২) মৃত্যু হয়েছে। গত বুধবার সকাল সাড়ে ৭টার দিকে টঙ্গী স্টেশন রোডসংলগ্ন উড়াল সেতুর সিঁড়িতে এ ঘটনা ঘটে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) জিল্লুর রহমান জানান, প্রত্যদর্শীদের ভাষ্য অনুযায়ী, সকালে স্থানীয় লোকজন এক যুবককে ছিনতাইকারী সন্দেহে আটক করেন। পরে তাকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশটি গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, নিহত যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।