সাতক্ষীরায় বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস

Printed Edition

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় গত এক সপ্তাহ ধরে এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সঙ্কট দেখা দিয়েছে। সরবরাহ স্বাভাবিক না হওয়ায় বাজারে গ্যাসের চাহিদা মেটানো যাচ্ছে না। এই সুযোগে খুচরা বিক্রেতারা সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে গ্যাস বিক্রি করছেন। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ গ্রাহক ও ব্যবসায়ীরা।

গত বুধবার সাতক্ষীরা শহরের বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, অধিকাংশ গ্যাসের দোকানে গ্যাস ভর্তি সিলিন্ডার নেই বললেই চলে। অনেক দোকানে শুধু খালি সিলিন্ডার সাজিয়ে রাখা হয়েছে। যেগুলোতে গ্যাস রয়েছে, সেগুলো সরকার নির্ধারিত ১৩০৬ টাকার পরিবর্তে ১৫০০ থেকে ১৬০০ টাকায় বিক্রি করা হচ্ছে।

শহরের বাটকেখালি এলাকার বাসিন্দা সাইফুল হোসেন বাবু বলেন, মঙ্গলবার চালতেতলা বাজার থেকে ১৫৭০ টাকা দিয়ে একটি গ্যাস সিলিন্ডার কিনতে হয়েছে। দাম বেশি নেয়ার কারণ জানতে চাইলে বিক্রেতা জানান, গ্যাস নেই, নিতে চাইলে এই দামেই নিতে হবে। রান্না বন্ধ থাকায় বাধ্য হয়ে বেশি দামে কিনতে হয়েছে।

রেস্তোরাঁ মালিক সমিতির সদস্য আব্দুল আহাদ বলেন, কৃত্রিম সঙ্কট সৃষ্টি করে গ্যাসের দাম বাড়ানো হয়েছে। এতে রেস্তোরাঁগুলোতে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে ৪০০ থেকে ৫০০ টাকা বেশি খরচ হচ্ছে। প্রশাসনের বাজার তদারকি জোরদার করে অতিরিক্ত দাম আদায়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভোক্তারা।

ডিলাররা বলছেন, চাহিদার তুলনায় অর্ধেকেরও কম গ্যাস সরবরাহ পাওয়া যাচ্ছে। সাতক্ষীরা জেলা এলপি গ্যাস ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো: রাশেদুজ্জামান রাশি জানান, দীর্ঘ দিন গ্যাস না থাকায় বাজারে সঙ্কট তৈরি হয়েছে। দ্রুত সরবরাহ স্বাভাবিক না হলে পরিস্থিতি আরো খারাপ হবে।