মতলব উত্তর সাব রেজিস্ট্রি অফিসে অতিরিক্ত অর্থ আদায়

Printed Edition

মতলব উত্তর (চাঁদপুর) সংবাদদাতা

চাঁদপুরের মতলব উত্তর সাব-রেজিস্ট্রি অফিসে দলিল নিবন্ধনকে কেন্দ্র করে ব্যাপক অনিয়ম ও ঘুষ বাণিজ্যের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের দাবি, সরকারি নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে, যা অনেক ক্ষেত্রে বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে।

অভিযোগ রয়েছে, জমির দলিল নিবন্ধনে প্রতি লাখ টাকায় দুই হাজার থেকে তিন হাজার টাকা পর্যন্ত অতিরিক্ত অর্থ নেয়া হয়। দলিল লেখক ও সংশ্লিষ্টদের সমন্বয়ে একটি চক্র এ কার্যক্রম পরিচালনা করছে বলে জানা গেছে। দলিল সম্পাদনের পর এই অর্থ নির্দিষ্ট ব্যক্তিদের কাছে জমা দিতে হয় বলে অভিযোগ রয়েছে।

নিশ্চিন্তপুর গ্রামের নজরুল ইসলাম জানান, প্রায় ১৩ লাখ ৫৬ হাজার টাকার জমির দলিল করতে তার কাছ থেকে এক লাখ ১৩ হাজার ৫০০ টাকা নেয়া হয়েছে, যা সরকারি নির্ধারিত খরচের চেয়ে বেশি। নবুরকান্দি গ্রামের শাহজাহান জানান, ৭০ হাজার টাকার জমির দলিল করতে তাকে ১২ হাজার টাকা দিতে হয়েছে, যেখানে সরকারি হিসাবে খরচ হওয়ার কথা প্রায় পাঁচ হাজার ২৫০ টাকা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক দলিল লেখক জানান, অতিরিক্ত অর্থের একটি অংশ অফিসে দিতে হয়। অন্যথায় দলিল সম্পাদনে বিলম্ব বা জটিলতা তৈরি করা হয়। এ ছাড়া দলিলের নকল তুলতেও নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ নেয়ার অভিযোগ রয়েছে। অভিযোগের বিষয়ে অফিস সহকারী নাসিমা বেগম বলেন, অতিরিক্ত অর্থ আদায়ের বিষয়টি মূলত দলিল লেখকদের নিয়ন্ত্রণে থাকে এবং এর একটি অংশ বিভিন্ন খাতে ব্যয় হয়। সাব-রেজিস্ট্রার মাহবুবের রহমান ওয়াজেদ বলেন, কিছু অভিযোগ পুরনো হলেও বিষয়গুলো খতিয়ে দেখা হবে। তিনি জানান, সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রমাণ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।