খালেদা জিয়াকে হত্যাচেষ্টা মামলার আসামি আউয়ালরা ঘুরছে প্রকাশ্যে
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ্যে ঘুরছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে হত্যাচেষ্টা ও জুলাই হত্যাকাণ্ডসহ একাধিক মামলার আসামী আওয়ামী লীগ নেতা আব্দুল আউয়াল। আগের মতোই দলীয় বাহিনী দিয়ে হামলা, ভাঙচুরসহ চালাচ্ছেন নানা সন্ত্রাসী কর্মকাণ্ড। অভিযোগ রয়েছে গত শনিবার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের মনিপুর গ্রামে রক্তক্ষয়ী সংঘর্ষের নেপথ্যের কারিগর এ আউয়াল বাহিনী।
গতকাল রোববার ঢাকার সেগুনবাগিচার ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে এমন অভিযোগ করেন নবীনগরে সংঘর্ষে আহতদের স্বজনরা। যার মধ্যে দু’জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপা তালে ভর্তি করা হয়েছে।
তারা বলছেন, গত শনিবার আউয়াল জাফরুল হক, খোন আচার্য হৃদয়, জালাল মোল্লা, আব্দুল্লাহ ও মকবুল হোসেনদের ইশারায় নবীনগরের মনিপুর গ্রামে রক্তক্ষয়ী এক সংঘর্ষে অনেকেই আহত হয়েছেন। যাদের মধ্যে গুরুতর অহত দু’জনকে ঢাকা মেডিক্যালে ভর্তি করা হয়েছে।
আউয়াল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া হত্যা চেষ্টা মামলার আসামি। শুধু তাই নয় তার বিরুদ্ধে জুলাই হত্যাকাণ্ডসহ শাহবাগ থানা, বাড্ডা, যাত্রাবাড়ী ও নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় একাধিক মামলা রয়েছে। আইনের চোখে পলাতক এমন গুরুত্বপূর্ণ মামলার আসামি প্রকাশ্যে ঘুরে বেড়ালেও প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচালের জন্যই আওয়ামী দোসররা এসব কর্মকান্ড চালাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় সূত্র বলছে, বেগম খালেদা জিয়ার হত্যাচেষ্টা মামলার আসামি এ আব্দুল আউয়াল ও জাফরুল হক স্থানীয় বিএনপি নেতাদের সাথে আঁতাত করে নবীনগর এলাকায় প্রকাশ্যে ঘুরছে। এলাকার সচেতন মহল ও সাধারণ মানুষ অবিলম্বে এ আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। এ ব্যাপারে জানতে আব্দুল আউয়ালের মোবাইলে ফোন করা হলে তিনি রিসিভ করেননি।