দেওয়ানগঞ্জ (জামালপুর) সংবাদদাতা
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে দেওয়ানগঞ্জ বিশেষ শিক্ষা বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
রোববার ৬ সেপ্টেম্বর বিকেলে দেওয়ানগঞ্জ বিশেষ শিক্ষা বিদ্যালয় (প্রতিবন্ধী) মাঠে এ উপলক্ষে এক ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন দেওয়ানগঞ্জ বিশেষ শিক্ষা বিদ্যালয়ের (প্রতিবন্ধী) প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম।
এতে প্রধান অতিথি হিসেবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. আহসান হাবীব এবং বিশেষ অতিথি হিসেবে দেওয়ানগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ড. এস. এম. আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।
ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইনের উদ্বোধনী সভা সঞ্চালনা করেন স্কুলের প্রধান উপদেষ্টা সিনিয়র সাংবাদিক খাদেমুল ইসলাম। শুরুতে কুরআন তিলাওয়াত করা হয় এবং স্বাগত বক্তব্য রাখেন দেওয়ানগঞ্জ বিশেষ শিক্ষা বিদ্যালয়ের (প্রতিবন্ধী) প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম।
ফ্রি মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন দেওয়ানগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ড. এস. এম. আরিফুল ইসলাম, ড. হাদীদ হাসান, ড. সিফাত-ই রাব্বী, ড. তৌফিকা রহমান, ড. তন্ময় পালসহ অন্যান্যরা।
দেওয়ানগঞ্জ বিশেষ শিক্ষা বিদ্যালয়ে ৩ শতাধিক বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী রয়েছে। এছাড়া এ স্কুলের শিক্ষক, শিক্ষিকা, কর্মচারী, পরিচালনা কমিটির সদস্যসহ অন্যান্যরাও ফ্রি মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসা গ্রহণ করেছেন।
উল্লেখ্য, ২০১৬ সালে প্রতিষ্ঠিত এ স্কুলের শিক্ষক-কর্মচারীরা কোনো বেতন-ভাতাদি ছাড়াই নিজেরা স্ব-উদ্যোগে স্কুলটি নিয়মিত পরিচালনা করে আসছেন। এ স্কুলের অনেক শিক্ষার্থী উপজেলা, জেলা, বিভাগ, জাতীয় পর্যায় এবং আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে বিভিন্ন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরেছেন, দেশ ও জাতির মুখ উজ্জ্বল করেছেন এবং দেখিয়েছেন কৃতিত্ব। ফ্রি মেডিক্যাল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসাপত্র ও ওষুধপত্র পেয়ে বেজায় খুশি বিশেষ চাহিদাসম্পন্ন গরিব-অসহায় শিক্ষার্থীরা।