সাহায্যের আবেদন

শিশু আদিবাকে বাঁচাতে পরিবারের আকুতি

Printed Edition

উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা

দেড় বছরের শিশু আদিবা। ফুটফুটে হাসির আড়ালে লুকিয়ে আছে জীবন-মৃত্যুর লড়াই। জন্মের পর থেকেই হৃদযন্ত্রের জটিল রোগে আক্রান্ত সে। চিকিৎসকদের ভাষায়, দ্রুত অস্ত্রোপচার না হলে বাঁচানো কঠিন হয়ে পড়বে শিশুটিকে।

আদিবা উলিপুর উপজেলার দলদলিয়া ইউনিয়নের পশ্চিম নাওডাঙ্গা পাতিলাপুর এলাকার আরিফুল ইসলাম ও জান্নাতি বেগম দম্পতির একমাত্র সন্তান। জন্মের পর থেকেই বারবার অসুস্থ হওয়ায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে পরিবারের সব সঞ্চয় শেষ হয়ে গেছে।

পরিবার জানায়, আরিফুল ইসলাম ঢাকায় তাঁতের কাজ করতেন। তবে শারীরিক অসুস্থতার কারণে এখন নিয়মিত কাজ করতে পারেন না। সীমিত আয়ের সংসারে মেয়ের চিকিৎসার খরচ জোগাড় করা তাদের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। ঢাকার হার্ট ফাউন্ডেশন হাসপাতালের শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ডা: এম কে আজাদের তত্ত্বাবধানে করা পরীক্ষায় জানা গেছে, আদিবার হৃদযন্ত্রে একাধিক ছিদ্র রয়েছে। আগামী দুই থেকে তিন মাসের মধ্যে অস্ত্রোপচার জরুরি। চিকিৎসা ব্যয় ধরা হয়েছে প্রায় চার থেকে পাঁচ লাখ টাকা।

কান্নাজড়িত কণ্ঠে মা জান্নাতি বেগম বলেন, টাকার অভাবে মেয়েকে বাঁচাতে পারছি না; এই কষ্ট সহ্য করা খুব কঠিন। তিনি সমাজের সহানুভূতিশীল মানুষের সহযোগিতা কামনা করেছেন। উলিপুর ইউএনও মাহমুদুল হাসান বলেন, আবেদন পেলে প্রশাসনের পক্ষ থেকে সহায়তার বিষয়টি বিবেচনা করা হবে। চিকিৎসায় সহায়তা করতে ইচ্ছুকরা যোগাযোগ ও বিকাশ করতে পারেন- ০১৭৯৭ ৯৪৪ ৭১০ আদিবার বাবা আরিফুল ইসলামের নম্বরে।