অপরাজিতই থাকল টাইগ্রেসরা

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচেও দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিল বাংলাদেশ নারী দল। নেপালের মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে নেদারল্যান্ডসকে সাত উইকেটে হারিয়ে টুর্নামেন্ট শেষ করল পয়েন্ট টেবিলের চূড়ায় উঠে। অদম্য টাইগ্রেসরা কোন ম্যাচ হারেনি। সাত ম্যাচে সাত জয়ের নিখুঁত রেকর্ডে আকাশ ছোঁয়া আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপের মূল পর্বে পা রাখল জ্যোাতি অ্যান্ড কোং।

গতকাল টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নেদারল্যান্ডস। শুরু থেকেই বাংলাদেশের বোলারদের চাপে ডাচরা নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে তারা সংগ্রহ মাত্র ১০২ রান। দলের হয়ে ৩৭ বলে সর্বোচ্চ ৪৩ রান করেন সানিয়া খুরানা। নাহিদা আক্তার চার ওভারে ১০ রান খরচায় নেন তিন উইকেট। একটি করে উইকেট নেন মারুফা আক্তার, স্বর্ণা আক্তার ও রাবেয়া খান।

১০৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ছয় রানে বিদায় নেন দুই ওপেনার দিলারা আক্তার ও জুয়াইরিয়া ফেরদৌস। সেই চাপ সামাল দেন শারমিন আক্তার সুপ্তা ও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। শারমিন ১৩ রানে আউট হলেও অন্য প্রান্তে দৃঢ় থাকেন জ্যোতি। এরপর সোবহানা মোস্তারিকে নিয়ে পরিকল্পিত ব্যাটিং করেন অধিনায়ক। টানা দ্বিতীয় ম্যাচে ফিফটি তুলে নেন জ্যোতি। ৪৪ বলে সাতটি চারে অপরাজিত ৫০ রান করেন। মোস্তারি ২৩ বলে ৩৩ রানের কার্যকরী ইনিংস খেলে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন। তাদের ব্যাটে ভর করেই ২০ বল হাতে রেখে সাত উইকেটে জয়ের বন্দরে পৌঁছে বাংলাদেশ। এর আগেই টানা পাঁচ জয়ে বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করেছিল টাইগ্রেসরা। স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের বিপক্ষে শেষ দুই ম্যাচেও বড় জয় তুলে নিয়ে বাছাইপর্বে নিজেদের আধিপত্য আরো দৃঢ়ভাবে তুলে ধরল নিগার সুলতানা জ্যোতির দল।

সংক্ষিপ্ত স্কোর

নেদারল্যান্ডস : ২০ ওভারে ১০২/৬ (রাইকা ৩৯, সানিয়া ৪৩*, মারুফা ১/১৪, নাহিদা ৩/১০, রাবেয়া ১/২৬, স্বর্ণা ১/১৭)।

বাংলাদেশ : ১৬.৫ ওভারে ১০৪/৩ (শারমিন ১৩, নিগার ৫০*, সোবহানা ৩৩*; আইরিস ১/১৬, হিদার ১/৯, হ্যানাহ ১/১৭)।

ফল : বাংলাদেশ সাত উইকেটে জয়ী।

ম্যাচ সেরা : নাহিদা আক্তার।

বিশ^কাপের আগে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রস্তুতির তাগিদ জ্যোতির

বাছাইয়ে ভালো করা বাংলাদেশের জন্য নতুন কিছু নয়। কিন্তু মূল বিশ্বকাপে গিয়ে মুখ থুবড়ে পড়ার নজির আছে বারবারই। টি-২০ বিশ্বকাপে ২৫ ম্যাচ খেলে বাংলাদেশের জয় মোটে তিনটি! সেই ২০১৪ সালে দেশের মাঠে জয় ধরা দিয়েছিল শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে। এরপর দীর্ঘ অপেক্ষা শেষে আরেকটি জয়ের মুখ দেখে ২০২৪ আসরে স্কটল্যান্ডের বিপক্ষে। তবে এই তিনটি জয় ছাড়া প্রায় সব ম্যাচেই তারা হেরেছে বড় ব্যবধানে। আগামী জুন-জুলাইয়ে হবে ইংল্যান্ডে হবে বিশ্বকাপ। বাংলাদেশের জন্য কন্ডিশন হবে চ্যালেঞ্জিং।

তবে বিশ্বকাপে এবার দারুণ কিছু উপহার দিতে চান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। প্রস্তুতি যেন ভালো হয়, সেই তাগিদই দিলেন এই অধিনায়ক। ‘এখন আমাদের লক্ষ্য সামনের টি-২০ বিশ্বকাপে কিভাবে ভালো পারফরম্যান্স করতে পারি। এ জন্য প্রস্তুতিটা বেশি গুরুত্বপূর্ণ। আমরা চাইব যে, বিশ্বকাপের আগে আমরা যদি আন্তর্জাতিক ম্যাচ খেলে যেতে পারি। যদি বিশ্বকাপের আগে আমরা টি-২০তে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্ট খেলতে পারলে প্রস্ততির জন্য ভালো হবে। আগে আমরা যতগুলো টুর্নামেন্ট খেলেছি, নিজেদেরকে ওভাবে প্রস্তুত করতে পারিনি। আমরা শুধু লড়াই করার জন্য ইংল্যান্ডে যাবো না। ওখানে ম্যাচ জিততে চাই এবং দেশের জন্য কিছু উপহার দিতে চাই।’

গতকাল জয়ের পর উচ্ছ্বসিত জ্যোতি বলেন, ‘নেপালে আসার আগে লক্ষ্য ছিল প্রথমে কোয়ালিফাই নিশ্চিত করা। তারপর ব্যাক অব দ্য মাইন্ড ছিল আমরা এই টুর্নামেন্ট জিততে চাই, মানে অপরাজিত থাকতে চাই। এটা করতে পেরেছি। এখানে সম্পূর্ণ কৃতিত্ব মেয়েদের। মেয়েরা অসম্ভব ভালো খেলেছে।’