ইলেকট্রনিক মিডিয়ার শীর্ষ নির্বাহীদের বিরোধীদলীয় নেতা
গণভোটের রায় বাস্তবায়ন না হলে সঙ্কট তৈরি হবে
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
গণভোটের গণরায় বাস্তবায়ন না হলে রাজনীতিতে সঙ্কট তৈরি হবে বলে জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান।
গতকাল রাজধানীর ২৯ মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে ইলেকট্রনিক মিডিয়ার শীর্ষ নির্বাহীদের সাথে মতবিনিময়কালে তিনি এ আশঙ্কার কথা জানান।
ডা: শফিকুর রহমান বলেন, গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়েছে। এখন যদি গণভোটের গণরায় বাস্তবায়ন না হয়, তাহলে রাজনীতিতে সঙ্কট তৈরি হবে। মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন বাংলাভিশনের প্রধান সম্পাদক ও হেড অব নিউজ ড. আবদুল হাই সিদ্দিক, সময় টিভির সিইও জোবায়ের আহমেদ বাবু, যমুনা টেলিভিশনের সিইও ফাহিম আহমেদ, এটিএন বাংলার হেড অব নিউজ মনিউর রহমান, এটিএন নিউজের সিএনই শহিদুল আজম, চ্যানেল আইর প্রধান নির্বাহী সম্পাদক জাহিদ নেওয়াজ খান, এনটিভির প্রধান বার্তা সম্পাদক ফখরুল আলম খান কাঞ্চন, আরটিভির হেড অব নিউজ ইলিয়াস হোসেন, এখন টিভির হেড অব নিউজ মোস্তফা কামাল স্বপন, স্টার নিউজের হেড অব নিউজ ওয়ালিউর রহমান মেরাজ, একাত্তর টেলিভিশনের সিইও অ্যান্ড হেড অব নিউজ শফিক আহমেদ, ইনডিপেনডেন্ট টিভির হেড অব নিউজ মামুন আবদুল্লাহ, ডিবিসি নিউজের সিএনই সাহাবুদ্দীন চৌধুরী, নিউজ টুয়েন্টিফোরের হেড অব নিউজ শরিফুল ইসলাম খান, চ্যানেল টুয়েন্টিফোরের নির্বাহী পরিচালক ও হেড অব নিউজ জহিরুল আলম, এসএ টিভির নিউজ ইনচার্জ ওয়াহিদ মিল্টন, বৈশাখী টিভির হেড অব নিউজ জিয়াউল কবির সুমন, দীপ্ত টিভির হেড অব নিউজ এস এম আকাশ, মোহনা টিভির প্রধান বার্তা সম্পাদক সুমন মোস্তাফিজ, জিটিভির হেড অব নিউজ গাউসুল আজম বিপু, নাগরিক টিভির প্রধান বার্তা সম্পাদক শাখাওয়াত হোসেন নবিন, এশিয়ান টিভির সিইও হাসনাইন খুরশেদ, মাই টিভির এডিটর ইন চিফ মাহমুদ আল ফয়সাল, বাংলা টিভির পরিচালক বার্তা মীর নূর উস শামস শান্তনু, চ্যানেল এসের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সুজিত চক্রবর্তী, গ্রিন টিভির হেড অব নিউজ মাহমুদ হাসান, টিআরটি ওয়ার্ল্ডের বাংলাদেশ প্রধান কামরুজ্জামান বাবলু প্রমুখ।
পরে বৈঠকের বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেন, শীর্ষ সাংবাদিকদের অনেকে বলেছেন, জুলাই সনদ অনুযায়ী যে গণভোট হয়েছে, সেটির বিষয়ে যারা ভিন্নমত পোষণ করছেন তাদের জামায়াত আমিরের পক্ষ থেকে পরিষ্কারভাবে বলে দেয়া দরকার যে, কোনো ভিন্নমত ছাড়াই গণভোটের রায় মেনে নেয়া উচিত। তারা বলবে মেনে নেবো, না হয় বলবেন মেনে নেবো না।
তিনি আরো বলেন, জনজীবনের দুর্ভোগ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ, গ্যাসের সঙ্কট, সন্ত্রাস এবং সঙ্কীর্ণ দলীয়করণসহ বিভিন্ন উদাহরণ তুলে ধরে বিদ্যমান পরিস্থিতি শীর্ষ নির্বাহীদের কাছে তুলে ধরেছেন আমিরে জামায়াত। ইলেকট্রনিক মিডিয়া সংবাদ পরিবেশন ছাড়াও যে জনমত তৈরি ও জাতীয় ঐকমত্য তৈরিতে ভূমিকা রাখতে পারে, সেটিও তুলে ধরেছেন তিনি।
বিরোধীদলীয় নেতা বলেছেন, সংবাদ পরিবেশন যেমন একটি দায়িত্ব, তেমনি জাতীয় ঐক্য ও সার্বভৌমত্ব এবং গণতন্ত্রকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গণমাধ্যমের দায়িত্ব রয়েছে। জামায়াতের জন্য কোনো ভালো পরামর্শ কিংবা কোনো ত্রুটির বিষয়ে খোলামেলা জানানোর আহ্বান জানিয়েছেন জামায়াত আমির।
গোলাম পরওয়ার বলেন, ইলেকট্রনিক মিডিয়ায় বিদ্যমান নানা সমস্যার বিষয়ে শীর্ষ নির্বাহীরা কথা বলেছেন। তারা বলেছেন, প্রিন্ট মিডিয়ায় যেসব সুবিধা রয়েছে, সেসব সুবিধা ইলেকট্রনিক মিডিয়ায় নেই। বেতন কাঠামো নেই, ওয়েজবোর্ড নেই, সেখানে কোনো কাঠামোগত অবস্থান নেই এবং তাদের সার্বিক নিরাপত্তার প্রশ্নও তারা তুলে ধরেছেন। আমিরে জামায়াত এসব সমস্যার বিষয় একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে বলা ও তুলে ধরার পরামর্শ দিয়েছেন। তাহলে জামায়াত এখানে কার্যকর ভূমিকা রাখবে বলে আশ্বস্ত করেছেন তিনি।
তিনি আরো জানান, গণমাধ্যমের শীর্ষ নির্বাহীরা বলেছেন, বর্তমান সংসদে বিরোধী দল হিসেবে জামায়াত যে ভূমিকা রাখছে, তা অতীতের যেকোনো সময়ের থেকে গঠনমূলক, শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক। জামায়াত আমির আশ্বস্ত করেছেন, সংসদের ভেতরে ও বাইরে দেশের ও জনগণের স্বার্থে সব ভালো কাজে আমরা সরকারকে সহযোগিতা করব এবং সরকারের জনস্বার্থবিরোধী কাজের বিরুদ্ধে আমরা অবস্থান নেবো এবং সেটি হবে- অহিংস, গঠনমূলক ও দায়িত্বশীল। আমরা রাজপথের সব আন্দোলনই ননভায়োলেন্ট করতে চাই। সাংবাদিকরা ভালো ভালো রাজনৈতিক কর্মসূচির পরামর্শ দিয়েছেন, বলেন গোলাম পরওয়ার।
মতবিনিময় সভায় জামায়াত নেতাদের মধ্যে আরো উপস্থিত ছিলেন নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম এমপি, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মা’ছুম, মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, মাওলানা আবদুল হালিম ও অ্যাডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য আব্দুর রব, অধ্যক্ষ শাহাবুদ্দিন, অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ ও মোবারক হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এমপি, উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি, উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মোহাম্মদ জাহিদুর রহমান ও দেলাওয়ার হোসেন প্রমুখ।