বাংলাদেশকে ২৪ ঘণ্টার সময় বেঁধে দিলো আইসিসি

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

সুতোয় ঝুলছে বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্য। সভার ব্যাপারে সর্বশেষ তথ্য দিয়েছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো। তারা জানিয়েছে, বাংলাদেশের বিশ্বকাপ খেলার ব্যাপারে সভায় ভোটাভুটি হয়েছে। যেখানে বেশির ভাগ দেশ বাংলাদেশ ভারতে না গেলে তাদের বদলি হিসেবে অন্য দলকে নেয়ার পক্ষে ভোট দিয়েছেন। ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, সভায় উপস্থিত ১৫ জন বোর্ড পরিচালকের মধ্যে কেবল পাকিস্তান ক্রিকেট বোর্ডই (পিসিবি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অবস্থানকে সমর্থন দিয়েছে। এর আগে শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচগুলো না হলে পাকিস্তানে বিশ^কাপের ভেন্যু করার কথা আইসিসিকে জানিয়েছিল পিসিবি। গতকাল আইসিসি থেকে বিসিবিকে ফাইনালি জানানো হয়েছে, বাংলাদেশ সরকারের সাথে আলাপ করে এক দিনের মধ্যে ভারতে খেলার ব্যাপারে নিজেদের সিদ্ধান্ত জানিয়ে দিতে। বাংলাদেশ যদি শেষ পর্যন্ত ভারতে গিয়ে খেলতে রাজি না হয়, সে ক্ষেত্রে বিকল্প দল হিসেবে স্কটল্যান্ড বিশ্বকাপে সুযোগ পাবে বলেও জানিয়েছে ক্রিকইনফো। ফলে এক দিনের ব্যবধানে বদলে যেতে পারে বাংলাদেশের বিশ্বকাপ ভবিষ্যৎ! প্রতিকূল পরিবেশে বিশ্বকাপে অংশগ্রহণের চেয়ে দেশের মর্যাদা ও নিরাপত্তাই বেশি গুরুত্বপূর্ণ। সেই অবস্থান থেকেই বিসিবি বুঝিয়ে দিচ্ছে, বিশ্বকাপ থেকে বাদ পড়ার ঝুঁকি থাকলেও তারা তাদের সিদ্ধান্ত থেকে সরে আসবে না।

নিরাপত্তা শঙ্কায় ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় বিসিবির সামনে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে আইসিসি। কঠিন এক সময়ে দাঁড়িয়ে বাংলাদেশ ক্রিকেট। এটা এখন নিশ্চিত ফেব্রুয়ারিতে শুরু হতে যাওয়া ২০২৬ টি-২০ বিশ্বকাপে বাংলাদেশকে হয়তো দেখা যাবে না। কারণ নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগে বিকল্প হিসেবে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের প্রস্তাব দেয়া হলেও আইসিসি সেই অনুরোধ আমলে নেয়নি।

গতকাল আইসিসির বোর্ড সভায় আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত নেয়া হয়। সভায় বাংলাদেশের অবস্থান এবং আইসিসির নির্ধারিত নীতির মধ্যে সমাধানের চেষ্টা হলেও কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি। ফলে কঠোর সিদ্ধান্ত আর কড়া বার্তা দিলো আইসিসি। ভার্চুয়ালি সভায় ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। আইসিসির চেয়ারম্যান জয় শাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো ছিলেন বিসিসিআই সেক্রেটারি দেবজিত সাইকিয়া, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) সভাপতি শাম্মি সিলভা, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি, ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) চেয়ারম্যান মাইক বেয়ার্ড, জিম্বাবুয়ে ক্রিকেটের (জেডসি) সভাপতি তাভেঙ্গা মুখুলানি, ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের (সিডব্লিউআই) সভাপতি কিশোর শ্যালো, ক্রিকেট আয়ারল্যান্ডের চেয়ারম্যান ব্রায়ান ম্যাকনিস, ক্রিকেট নিউজিল্যান্ডের প্রতিনিধি রজার টুজ, ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) চেয়ারম্যান রিচার্ড থম্পসন, ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) প্রতিনিধি মোহাম্মদ মুসাজি ও আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) চেয়ারম্যান মিরওয়াইস আশরাফ।

এর আগে ভেন্যু পরিবর্তন নিয়ে এক দিকে বাংলাদেশ জানিয়েছে তারা ভারতে খেলবে না। আর আইসিসি বাংলাদেশকে চাপ দিচ্ছে ভারতের মাটিতেই বিশ্বকাপে অংশ নিতে। বিকল্প দল হিসেবে স্কটল্যান্ডকে বেছে নিলে ২০২৬ টি-২০ বিশ্বকাপে দেখা যাবে ইউরোপিয়ান এই দেশটিকে!

আইসিসির অভ্যন্তরীণ কাঠামোতে ভারতের প্রভাব অত্যন্ত শক্তিশালী। দুবাইয়ে আইসিসির সদর দফতরে কর্মরত কর্মকর্তাদের বড় একটি অংশ ভারতীয়। চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তাসহ গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও বাণিজ্যিক বিভাগগুলোর শীর্ষ পদেও ভারতীয়দের আধিপত্য। ফলে আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের চাওয়াকে অগ্রাধিকার দেয়া এখন প্রায় নিয়মিত ঘটনা। এই আশঙ্কা মাথায় রেখেই বিসিবি বিকল্প পথের প্রস্তুতিও নিচ্ছে। আইসিসির চূড়ান্ত সিদ্ধান্ত বাংলাদেশের বিপক্ষে গেলে আন্তর্জাতিক ক্রীড়া আদালত বা কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টসের (সিএএস) দ্বারস্থ হওয়ার বিষয়টি বিবেচনায় রাখা হয়েছে।