মোহনপুরে দলীয় প্রভাব খাটিয়ে পৈত্রিক জমি দখলের অভিযোগ
Printed Edition
রাজশাহী ব্যুরো
রাজশাহীর মোহনপুর উপজেলায় পৈত্রিক জমি জোরপূর্বক দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন এক দিনমজুর। তিনি জানান, অভিযুক্তরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এরই মধ্যে তার কিছু জমি দখল করে নিয়েছেন এবং অবশিষ্টটুকুও দখলের জন্য নানামুখী ষড়যন্ত্র শুরু করছেন। গতকাল বিকেলে রাজশাহী নগরীর একটি কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এই অভিযোগ করেছেন শ্রী দুলাল চন্দ্র সরকার (৬১)।
তিনি অভিযোগ করেন, এলাকার মৃত তাছের উদ্দিন সরকারের চার ছেলে- আশরাফুল ইসলাম, কামরুল হাসান বাবু, আসাদুল ইসলাম ও আবুল বাসার, তার জমির একই খতিয়ানে অংশীদার। তিনি পৈত্রিক সূত্রে ৪ শতাংশ জমির মালিক। বিবাদিরা একই খতিয়ানভুক্ত ১৭ শতাংশ জমি কিনে এখন তার ৪ শতাংশ জমিরও মালিকানা দাবি করছেন। যা অন্যায় ও বেআইনি।
লিখিত বক্তব্যে দুলাল চন্দ্র সরকার দাবি করেন, অভিযুক্তরা তার বাড়ির পাশেই নির্মাণকাজ শুরু করে ধীরে ধীরে তার জমির একটি অংশ দখল করে নিয়েছেন। তার বাড়িতে যাতায়াতের একমাত্র রাস্তাটিও বন্ধ করে দিয়েছে। এতে তিনি ভ্যানগাড়ি নিয়ে স্বাভাবিকভাবে চলাচল করতে পারছেন না। বিষয়টি বারবার জানিয়ে প্রয়োজনীয় রাস্তা রেখে নির্মাণের অনুরোধ করলেও তা উপেক্ষা করা হয়। এ নিয়ে গত ২১ এপ্রিল এ বিষয়ে কথা বলতে গেলে অভিযুক্তরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং প্রতিবাদ করলে প্রাণনাশের হুমকি দেন।