গণভোটে হ্যাঁ-তে সিল দিলে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে যাবে : রীয়াজ
Printed Edition
খুলনা ব্যুরো
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, গণভোটে হ্যাঁ-তে সিল দিলে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে যাবে। আপনি হ্যাঁ-তে সিল দিন, পরিচিত সবাইকে উদ্বুদ্ধ করুন। দেশ পাল্টে দিন। গতকাল বৃহস্পতিবার খুলনা বিভাগীয় কমিশনার অডিটোরিয়ামে আসন্ন গণভোট ও ভোটার উদ্বুদ্ধকরণের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
আলী রীয়াজ বলেন,ফ্যাসিবাদের যাঁতাকলে নিষ্পেষিত এ জাতি আর কোনো স্বৈরশাসন-দুঃশাসন চায় না। তারা একটি আলোকিত আগামী গড়তে চায়, সাম্য, সমতা আর আনন্দের নতুন দিন আনতে চায়। যেখানে কোনো বাহিনীর হাতে গুম হওয়ার ভয় থাকবে না, গায়েবি মামলায় গ্রেফতার হওয়ার আতঙ্ক থাকবে না। তিনি বলেন, অনেকেই জিজ্ঞেস করেন, ‘হ্যাঁ’ এর প্রার্থী কে ? আমি বলি, হ্যাঁ-এর প্রার্থী আপনি, আমি, আমরা সবাই। কারণ ‘হ্যাঁ’ আমাদের উপহার দেবে, একটি গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ। জুলাই গণ-অভ্যুত্থানের আকাক্সক্ষা সেটি।
তিনি বলেন, এই সরকার রাজনৈতিকভাবে নিরপেক্ষ কিন্তু সংস্কারের পক্ষে প্রচারণা চালানোর দায়িত্ব তার রয়েছে। প্রজাতন্ত্রের কর্মচারীদের গণভোটের হ্যাঁ এর পক্ষে প্রচারণা চালাতে বাধা নেই। গণভোটে হ্যাঁ এর পক্ষে প্রচার করা আমাদের নৈতিক দায়িত্ব। বিশ্বের বিভিন্ন দেশে গণভোট হয়েছে। সেসব দেশের সরকার প্রধানরা গণভোটে হ্যাঁ এর পক্ষে প্রচারণা চালিয়েছেন।
বিশেষ অতিথি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেন, গণভোটে হ্যাঁ জয়ী হলে ফ্যাসিবাদের পথ বন্ধ হয়ে যাবে। ওই পথ আমাদের সংবিধানের দুর্বলতায় তৈরি হয়েছে।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় কমিশনার মো: মোখতার আহমেদ। বক্তৃতা করেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাকসুদ হেলালী, খুলনা রেঞ্জের ডিআইজি মো: রেজাউল হক ও খুলনা মেট্রোপলিটন পুলিশে কমিশনার জাহিদ হাসান।
মতবিনিময় সভায় খুলনা বিভাগের ১০ জেলার প্রশাসক, পুলিশ সুপার সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও বেসরকারি সংস্থার প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।