নৈতিকতা ও জ্ঞানের শ্রেষ্ঠত্ব অর্জনের মাধ্যমে সুনাগরিক হতে হবে : শিবির সভাপতি
Printed Edition
চট্টগ্রাম ব্যুরো
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম বলেছেন, ছাত্রশিবির কেবল একটি ছাত্রসংগঠন নয়, এটি একটি বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডলাইন দেয়ার পাশাপাশি নৈতিক ও আদর্শিক নাগরিক হিসেবে গড়ে তুলতে এই সংগঠন নিরলস কাজ করে যাচ্ছে। শুক্রবার বেলা ৩টায় চট্টগ্রাম নগরীর স্মরণিকা কমিউনিটি সেন্টারে ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তর শাখা আয়োজিত কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ছাত্রশিবিরের প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় সভাপতি শহীদ মীর কাসেম আলীর অবদান স্মরণ করে নূরুল ইসলাম সাদ্দাম বলেন, তিনি সারাজীবন মানবকল্যাণে কাজ করে গেছেন। দেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য তিনি যে বিশাল কর্মযজ্ঞ শুরু করেছিলেন, তা তাকে মানুষের হৃদয়ে চিরস্মরণীয় করে রাখবে। আজকের মেধাবী শিক্ষার্থীদেরও মীর কাসেম আলীর মতো দেশ ও মানুষের কল্যাণে নিজেকে বিলিয়ে দেয়ার শপথ নিতে হবে বলে তিনি উল্লেখ করেন।
বর্তমান সময়ের চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষার্থীদের সচেতন হওয়ার পরামর্শ দিয়ে শিবির সভাপতি বলেন, অবাধ ইন্টারনেটের এই যুগে প্রতিটি মা-বাবা তাদের সন্তানদের নৈতিকতা নিয়ে উদ্বিগ্ন থাকেন। জ্ঞান অর্জনে শ্রেষ্ঠত্ব অর্জনের পাশাপাশি জীবনের প্রতিটি ক্ষেত্রে ভালো মানুষ হওয়ার স্বাক্ষর রাখতে হবে। তবেই একজন শিক্ষার্থী তার মা-বাবার ‘চক্ষু শীতলকারী’ সন্তান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে।
চট্টগ্রাম মহানগর উত্তর সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য মোমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি ও শিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েম এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) জিএস ও শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস এম ফরহাদ।
সংবর্ধনা অনুষ্ঠানে চট্টগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় এক হাজার ১০০ কৃতী শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট ও শিক্ষা উপকরণ প্রদান করা হয়। বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী নেতারা এবং বিপুলসংখ্যক অভিভাবকের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়।