সাতক্ষীরায় ছিনতাইয়ে বাধা দেয়ায় নারীকে হত্যা

Printed Edition

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের মাগুরা গ্রামে গয়না ছিনতাইকারীদের ইটের আঘাতে এক নারী দোকানদার নিহত হয়েছেন। গত রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত বীথিকা রানী ঘোষ (৪৫) মাগুরা কুলুপাড়া গ্রামের মৃত বিশ্বনাথ ঘোষের স্ত্রী। স্বামীর মৃত্যুর পর তিনি মাগুরা বৌবাজার এলাকায় একটি মুদিখানা দোকান পরিচালনা করে সংসার চালাতেন।

স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর হোসেন জানান, গত রোববার সন্ধ্যায় বাড়ি থেকে দোকানে যাওয়ার পথে অজ্ঞাত দুর্বৃত্তরা তার গায়ে থাকা স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় বাধা দিলে দুর্বৃত্তরা তার মাথা ও কপালে ইট দিয়ে আঘাত করে হত্যা করে পাশের একটি পুকুরে লাশ ফেলে পালিয়ে যায়। নিহতের হাতে স্বর্ণের রুলি, গলায় চেইন ও কানে দুল ছিল বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) সুশান্ত কুমার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্বর্ণের গয়না ছিনিয়ে নিতে গিয়ে দুর্বৃত্তরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।