২৯ জনের জায়গায় ২৪ জন প্র্যাকটিস করে, জানে না ফেডারেশন
গেমস হকি ক্যাম্পে শুভঙ্করের ফাঁকি
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
আসন্ন এশিয়ান গেমস জাপানের জন্য ২৯ জন নারী হকির তালিকা করেছেন সাত সদস্যবিশিষ্ট সিলেকশন কমিটি। তারা হলেন- হোসেন ইমাম চৌধুরী শান্টা, বায়েজিদ হায়দার, বদরুল ইসলাম দীপু, রিয়াজুল হাসান, খাজা মানজের নাদিম, শহীদুল্লাহ দোলন ও গ্রুপ ক্যাপ্টেন রিফাতুল ইসলাম। অথচ বিকেএসপিতে কোচ জাহিদ হোসেন রাজুর অধীনে অনুশীলন করছেন ২৪ জন। বাংলাদেশ হকি ফেডারেশনের সিলেকশন কমিটির কেউই জানেন না, বিকেএসপিতে ২৪ জন অনুশীলন করছেন। তারা জানেন সেখানে ২৯ জনই প্রাকটিস করছেন- এটা যেন শুভঙ্করের ফাঁকি।
এই ২৯ জনের সবাই কেন এশিয়ান গেমসের ক্যাম্পে ডাক পায়নি সেটা অজানা। তাতে প্রশ্ন উঠেছে ওরা বিভিন্ন জেলার বলেই কি, প্রশিক্ষণ ক্যাম্পে সুযোগ পাননি। অন্যরা বিকেএসপিতে আগে থেকে ছিল বলেই ক্যাম্পে অগ্রাধিকার।
যে ৬ জন ক্যাম্পে নেই, তারা হলেন-
কিশোরগঞ্জ জেলার গোলরক্ষক সুমি আক্তার, ঠাকুরগাঁও জেলার ডিফেন্স রানী আক্তার রিয়ামনি, নেত্রকোনা জেলার ডিফেন্স ও মধ্যমাঠের খেলোয়াড়, সুমাইয়া আক্তার জেলী, যশোর জেলার ফরোয়ার্ড ও মধ্যমাঠের খেলোয়াড় সোনিয়া খাতুন, যশোর জেলার ফরোয়ার্ড আখি সুলতানা সাথী ও ঠাকুরগাঁও জেলার ফরোয়ার্ড রীতু রানী সেন।
সিলেকশন কমিটির বায়েজিদ হায়দার ও শহীদুল্লাহ দোলন জানালেন, ‘হ্যাঁ, এশিয়ান গেমসের জন্য আমরা যাচাই-বাছাই করে ২৯ জনের লিস্ট গত ১৫ জুন তৈরি করে দিয়েছি। আমরা জানি, সবাই বিকেএসপিতে প্রশিক্ষণ নিচ্ছেন। সেখানে তো কেউ কম থাকার কথা নয়। আর কেউ কম থাকলেও সেটি আমাদের জানা নেই।’
বিকেএসপির সিনিয়র কোচ জাহিদ হোসেন রাজু জানালেন, তার ওখানে ২৪ জনই অনুশীলন করছেন। কয়েকজন বাদ হয়েছে, আবার কয়েকজনকে নেয়াও হয়েছে। ২৯ জনের লিষ্ট থেকে ২৪ জন কেন? অন্যরা কোথায় জানতে চাইলে তিনি রাগত স্বরেই জানতে চাইলেন, কোথায় ২৯ জনের লিস্ট, আমাকে পাঠান। উনাকে পাঠানোর পর নানারকম খোঁড়া যুক্তি দাঁড় করাতে চাইলেন, ‘এটা মনে হয় আগের লিস্ট, সিনিয়র টিম খেলতে গিয়েছিল বিদেশে, কয়েকজন বাদ পড়েছে, বিমানবাহিনীর টার্ফে অনুশীলন করার জন্য এই লিস্ট তৈরি করা হয়েছিল, কয়েকজন বাদ পড়েছে, কয়েকজনকে আবার নেয়াও হয়েছে, ইত্যাদি ইত্যাদি।’
এশিয়ান গেমসের জন্য পুরো প্রশিক্ষণের ব্যয় বহন করছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসেসিয়েশন। সুতরাং ফেডারেশন থেকে যাদের সিলেক্ট করা হয়েছে, তাদের সবার প্রশিক্ষণ নিতে অসুবিধা কোথায়। ফাইনাল সিলেকেশনে হয়তো ২৯ জন থেকে ১৮ কিংবা ২০ জনের দল হবে। কিন্তু তার আগেই কোন শুভঙ্করের ফাঁকিতে প্রশিক্ষণ থেকে বাদ পড়ল ছয়জন নারী হকি খেলোয়াড়।