সাভারে কেমিক্যাল দোকানে ভয়াবহ আগুন, আহত ৫
Printed Edition
সাভার (ঢাকা) সংবাদদাতা
সাভারের হেমায়েতপুরের কাজীপাড়া বাসস্ট্যান্ড সংলগ্ন একটি রং মেশানোর কেমিক্যাল দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত শনিবার রাত ১২টার দিকে আলতাফ হোসেনের মালিকানাধীন দোকানে এ আগুন লাগে। খবর পেয়ে ট্যানারি ও সাভার ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট টানা সাত ঘণ্টা চেষ্টা চালিয়ে রোববার সকাল সাড়ে ৬টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুন নেভাতে গিয়ে ট্যানারি ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো: শামীম, ফায়ার কর্মী মো: উজ্জ্বল, মো: ওমর ফারুক, টিম লিডার মনোয়ার হোসেন এবং মশিউর (৪০) নামে এক স্থানীয় বাসিন্দা আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় একটি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে দু’জন হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও বাকি তিনজন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।
স্থানীয়রা জানান, প্রথমে নিজ উদ্যোগে আগুন নেভানোর চেষ্টা করা হলেও কেমিক্যাল থাকায় তা দ্রুত ছড়িয়ে পড়ে। ধোঁয়ায় পুরো এলাকা আচ্ছন্ন হয়ে পড়লে আতঙ্কের সৃষ্টি হয়। সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, প্রাথমিক ধারণা মতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে তদন্ত ছাড়া ক্ষতির সঠিক পরিমাণ বলা সম্ভব নয়।