বাংলায় এআইভিত্তিক প্ল্যাটফর্ম কাগজ ডট এআই

Printed Edition
pro 1
বাংলায় এআইভিত্তিক প্ল্যাটফর্ম কাগজ ডট এআই

আহমেদ ইফতেখার

বাংলা ভাষার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিভিত্তিক প্ল্যাটফর্ম ‘কাগজ ডট এআই (শধমড়ল.ধর)’ চালু করা হয়েছে। একই সাথে উন্মোচন করা হয়েছে দাফতরিক ও প্রকাশনার কাজে ব্যবহারের জন্য নতুন বাংলা ফন্ট ‘জুলাই’। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে এসব প্রাযুক্তিক সেবা জনসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করা হয়েছে। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এ দু’টি প্রযুক্তি সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী।

ফয়েজ আহমদ তৈয়্যব কাগজ ডট এআই ও জুলাই ফন্ট সম্পর্কে বিস্তারিত তুলে ধরে বলেন, আমাদের যে লাইব্রেরি আছে, তার বইগুলোর লেখা সার্চেবল না। আমাদের বইয়ের যে জ্ঞান আছে, তা পুনরুৎপাদন করতে ডিজিটাল ফর্মেটে নিয়ে আসতে হবে। যেমন- কোনো কিছু লিখিতভাবে দিয়ে দেয়া হলে সেটিকে ডিজিটালি রূপান্তর করতে বেশ সময় ও শ্রমঘণ্টার অপচয় হয়। এই প্রকল্পের যা বাংলা ওসিআরের মাধ্যমে সমাধান নিয়ে এসেছে। আমাদের লেখালিখিতে অনেক সময় ও শ্রমঘণ্টা বাঁচাতে স্পিচ টু টেক্সট, টেক্সট টু স্পিচ যুক্ত করেছি। গত সরকারের আমলে একটি ব্যক্তিকেন্দ্রিক নির্ভরশীলতা ও সীমাবদ্ধতা গড়ে উঠেছিল বিজয় ফন্টের মাধ্যমে। এটাকে অতিক্রম করে অভ্র যে যাত্রা শুরু করেছিল তা গতিময় করেছে এই প্রকল্প। এই প্রকল্প নিয়ে এসেছে জুলাই বাংলা ফন্ট। এই ফন্ট বাংলা ও ইংরেজি হরফের উচ্চতায় সামঞ্জস্যতা ও লাইন স্পেসিং মেনে তৈরি। ১৮টি মোবাইল কোম্পানি যাদের ফ্যাক্টরি বাংলাদেশে আছে, তারা ছয় মাস বা এক বছরের ভেতরেই তাদের প্রোডাক্টে আমাদের ইকো-সিস্টেমকে সমন্বয় করবে। এছাড়া এই প্রকল্প বাংলাদেশে প্রচলিত প্রায় ৪০টি নৃতাত্ত্বিক ভাষার কথিত রূপের ১০ হাজার মিনিট নেয়া হয়েছে।

এই প্রকল্প আগামীতে প্রত্যেকটি ভাষার ক্ষেত্রে , যেমন- চাকমা ভাষার ক্ষেত্রে ১০ হাজার মিনিট সংরক্ষণ করবে, যা পরবর্তী সময় একইভাবে টেক্সট টু স্পিচ ও স্পিচ টু টেক্সটে রূপান্তর করতে হবে। অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন হার্ড কপি থেকে টেক্সটে রূপান্তরের ক্ষেত্রে যে শ্রমঘণ্টা অপচয় হয়, সেই শ্রমঘণ্টা বাঁচাতে অত্যন্ত সহায়ক। এপিআই উন্মুক্ত করে দেয়া হয়েছে। যাদের সিকিউরিটি সিস্টেম দুর্বল, তাদের সিকিউরিটি চেকিংয়ের ব্যবস্থা করে দেয়া হবে। সভাপতির বক্তব্যে শীষ হায়দার চৌধুরী বলেন, তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সাফল্যের মুকুটে দুটি পালক যুক্ত হলো কাগজ এআই ও জুলাই ফন্ট। বাংলাদেশে এখন ৪২টি ভাষা, মতান্তরে ৪০টি ভাষা। এমনো ভাষা রয়েছে যে ভাষায় ছয়জন মানুষ কথা বলে। এই প্রকল্প এই ভাষা সংরক্ষণে ভূমিকা রাখবে। আমরা একটা নিজস্ব ইকোসিস্টেম তৈরি করে বাংলা ভাষাকে আরো বৃহৎ পরিসরে এগিয়ে নিতে চাই। ‘কাগজ ডট এআই’ ও ‘জুলাই ফন্ট’ তৈরি হয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল বাস্তবায়নাধীন ‘গবেষণা ও উন্নয়নের মাধ্যমে তথ্য প্রযুক্তিতে বাংলা ভাষা সমৃদ্ধকরণ’ প্রকল্পের মাধ্যমে।