গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে দেশজুড়ে ব্যাপক প্রচারণায় সরকার
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ঢাকা সিটির ঘরে ঘরে লিফলেট বিতরণ করা হবে; ‘হ্যাঁ’-এর পক্ষে বার্তা পৌঁছবে ৩ কোটি ৭২ লাখ পল্লী বিদ্যুৎ গ্রাহকের কাছেও
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
সংবিধান সংস্কার ও জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি দিতে আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল আলোচিত গণভোট। এই গণভোটকে কেন্দ্র করে ‘পরিবর্তনের জন্য ‘হ্যাঁ’- এই বার্তা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সারা দেশে ব্যাপক প্রচারণা কর্মসূচি হাতে নিয়েছে সরকার। দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করে ঢাকা মহানগরীর প্রতিটি বাসা এবং পল্লী বিদ্যুতের কোটি কোটি গ্রাহকের কাছে পৌঁছে দেয়া হবে ‘হ্যাঁ’ ভোটের পক্ষের প্রচারণা লিফলেট।
আসন্ন গণভোটে শিক্ষার্থীদের ‘হ্যাঁ’ ভোটে উদ্বুদ্ধ করতে দেশের সব বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল ও মাদরাসা পর্যায়ে পরিকল্পিত প্রচারণা চালানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ লক্ষ্যে শিক্ষার্থীদের মধ্যে ‘পরিবর্তনের জন্য হ্যাঁ’ শিরোনামের লিফলেট ও পুস্তিকা বিতরণ করা হবে। পাশাপাশি মোবাইল ফোন ও বিশ্ববিদ্যালয়ের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মে গণভোটভিত্তিক ডকুমেন্টারি, ভিডিও ক্লিপ ও গান প্রকাশ করা হবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ব্যানার, ফেস্টুন ও স্টিকার প্রদর্শনের মাধ্যমেও প্রচারণা জোরদার করা হবে।
গতকাল রোববার বিকেলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ, জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ইউজিসির সাথে অনুষ্ঠিত এক সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়। সভায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদা) অধ্যাপক ড. আলী রীয়াজ বলেন, এবারের গণভোট ফ্যাসিবাদী রাষ্ট্রকাঠামো ভেঙে একটি মানবিক ও প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার আকাক্সক্ষার প্রতিফলন। তিনি বলেন, ‘একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে গণভোটে ‘হ্যাঁ’তে রায়ের কোনো বিকল্প নেই।’
সভায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (সিনিয়র সচিব মর্যাদায়) মনির হায়দার, ইউজিসি চেয়ারম্যান এস এম এ ফায়েজ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ এবং ইউজিসি সদস্য অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দিন খান উপস্থিত ছিলেন।
এর পাশাপাশি ঢাকা মহানগরীর প্রতিটি বাসায় গণভোটের ‘হ্যাঁ’-এর পক্ষে লিফলেট পৌঁছে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন হাইরাইজ ভবনে ড্রপ-ডাউন ব্যানার, বিলবোর্ড স্থাপন, সড়কদ্বীপে দৃষ্টিনন্দন ফেস্টুন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় স্টিকার প্রদর্শনের মাধ্যমে নগরবাসীকে ‘হ্যাঁ’ ভোটে উদ্বুদ্ধ করা হবে। গতকাল প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজের কার্যালয়ে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সচিব রেজাউল মাকছুদ জাহেদী, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো: মাহমুদুল হাসানের সাথে বৈঠকে এসব কর্মসূচির বিষয়টি জানানো হয়।
এ দিকে দেশের পল্লী অঞ্চলের মানুষের কাছেও গণভোটের বার্তা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ উদ্যোগ নেয়া হয়েছে। পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) তাদের তিন কোটি ৭২ লাখ গ্রাহকের কাছে ‘পরিবর্তনের জন্য হ্যাঁ’ শিরোনামের লিফলেট বিতরণ করবে। গতকাল বিকেলে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজের সাথে বৈঠকে আরইবির চেয়ারম্যান মেজর জেনারেল এস এম জিয়াউল আলম এ তথ্য জানান।
সংশ্লিষ্টরা মনে করছেন, শিক্ষাপ্রতিষ্ঠান, নগর ও গ্রাম- সব স্তরে একযোগে এই প্রচারণা গণভোটে জনগণের অংশগ্রহণ বাড়াতে এবং একটি গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র গঠনের পক্ষে জনমত গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।