গোলশূন্য ড্রয়ে নকআউটে পর্তুগাল

Printed Edition

ক্রীড়া ডেস্ক

২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘কে’-তে শীর্ষস্থান নিশ্চিত করেছে কলম্বিয়া। মায়ামিতে অনুষ্ঠিত বহুল প্রতীক্ষিত ম্যাচে পর্তুগালের সাথে ০-০ গোলে ড্র করেও গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ ৩২-এ জায়গা করে নিয়েছে দক্ষিণ আমেরিকার দলটি। অন্য দিকে শিরোপার অন্যতম দাবিদার হিসেবে টুর্নামেন্ট শুরু করা পর্তুগালকে সন্তুষ্ট থাকতে হয়েছে রানার্স-আপ হয়ে নকআউট পর্বে ওঠায়। ‘কে’ গ্রুপের অপর ম্যাচে গণতান্ত্রিক কঙ্গো ৩-১ গোলে উজবেকিস্তানকে হারিয়ে সেরা তৃতীয় দল হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে।

কলম্বিয়া বনাম পর্তুগাল ম্যাচ শুরুর আগেই দুই দলের শেষ ৩২ নিশ্চিত ছিল। তাই মূল লড়াই ছিল গ্রুপের শীর্ষস্থান দখল এবং পরবর্তী প্রতিপক্ষ নির্ধারণ নিয়ে। শুরু থেকেই ম্যাচে ছিল আক্রমণাত্মক ফুটবলের ছাপ। দুই দলই আক্রমণ ও পাল্টা আক্রমণে ম্যাচকে প্রাণবন্ত করে তোলে। যদিও শেষ পর্যন্ত কোনো দলই গোলের দেখা পায়নি। প্রথমার্ধে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় সুযোগ তৈরি করে পর্তুগাল। মাঝমাঠ থেকে আক্রমণ গড়ে ব্রুনো ফার্নান্দেস বক্সের ভেতরে বিপজ্জনক শট নেন, তবে দুর্দান্ত সেভ করে দলকে রক্ষা করেন কলম্বিয়ার গোলরক্ষক কামিলো ভার্গাস।

অন্য দিকে কলম্বিয়াও কয়েকবার পর্তুগালের রক্ষণভাগে চাপ সৃষ্টি করে। তবে সবচেয়ে বেশি উজ্জ্বল ছিলেন পর্তুগিজ গোলরক্ষক দিয়োগো কস্তা। পুরো ম্যাচে তিনি ছয়টি গুরুত্বপূর্ণ সেভ করেন, যা বিশ্বকাপে পর্তুগালের আগের দুই ম্যাচ মিলিয়েও ছিল না। তার দৃঢ়তায় পর্তুগাল অন্তত পরাজয় এড়াতে সক্ষম হয়।

মার্কিন যুক্তরাষ্ট্রের মায়ামি ডলফিনসের স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি দেখতে উপস্থিত ছিল ৬৪ হাজার ৪৭৮ জন দর্শক। পুরো স্টেডিয়ামজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।

গ্যালারিতে উপস্থিত ছিলেন কলম্বিয়ার সাবেক কিংবদন্তি ফুটবলার কার্লোস ভালদেরামা। এ ছাড়া ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো, যুক্তরাষ্ট্রের কয়েকজন শীর্ষ কর্মকর্তা এবং বিভিন্ন অঙ্গনের পরিচিত মুখও ম্যাচটি উপভোগ করেন।

উচ্চ চাহিদার কারণে অনেক সমর্থক টিকিট সংগ্রহ করতে না পারায় দক্ষিণ ফ্লোরিডার বিভিন্ন স্থানে বড় পরিসরে ওয়াচ পার্টির আয়োজন করা হয়। এর মধ্যে ফ্লোরিডা প্যান্থার্সের হোম অ্যারেনায় হাজারো দর্শক একসাথে ম্যাচ উপভোগ করেন।

এই ড্রয়ের ফলে কলম্বিয়ার সামনে এখন অপেক্ষা করছে ঘানা, যারা এর আগে দিনের আরেক ম্যাচে ক্রোয়েশিয়ার কাছে ২-১ গোলে হেরেছিল। অন্য দিকে পর্তুগাল শেষ ৩২-এ মুখোমুখি হবে তুলনামূলক কঠিন প্রতিপক্ষ ক্রোয়েশিয়ার। যারা জার্মানিকে হারিয়েছে গ্রুপ পর্বে।

এদিকে গ্রুপের অপর ম্যাচে ইয়োনো উইসার জোড়া গোলে উজবেকিস্তানকে ৩-১ গোলে হারিয়েছে কঙ্গো। ম্যাচের ৬৮ ও ৯০+১ মিনিটে গোল করেন উইসা। ফিস্টন মায়েলও ৭৮ মিনিটে একটি গোল করেন। উজবেকদের হয়ে এলদর সমুরোদভ একমাত্র গোলটি করেন। এ জয়ে শেষ ৩২ নিশ্চিত করে কঙ্গো। আগামী বৃহস্পতিবার ইংল্যান্ডের মোকাবেলা করবে তারা।