রাস্তায় শৃঙ্খলা ফেরাতে নীতিমালা করছে সরকার : ডিএসসিসি প্রশাসক
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুস সালাম বলেছেন, রিকশা ঢাকার ঐতিহ্য হলেও বর্তমানে ব্যাটারিচালিত রিকশা নাগরিকদের জন্য মরণ ফাঁদে পরিণত হয়েছে। তিনি বলেন, নগরীর শৃঙ্খলা ফেরাতে ব্যাটারিচালিত রিকশা ও ফুটপাথ দখলমুক্ত করতে সরকার নীতিমালা তৈরি করছে। নীতিমালায় জনভোগান্তি ও জীবিকা নির্বাহ দু’টি বিষয়ে ভারসাম্য করা হবে।
গতকাল রাজধানীর যানজট নিরসন ও জনভোগান্তি লাঘবে ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণ সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। এতে ‘বাংলাদেশ রিকশা-ভ্যান ও ব্যাটারিচালিত রিকশা-ভ্যান মালিক ফেডারেশন’র নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
২০২১ সালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতায় প্রায় দুই লাখ ১২ হাজার প্যাডেলচালিত রিকশা ও ভ্যানকে চলাচলের লাইসেন্স প্রদান করা হয়েছিল। তবে বর্তমানে লাইসেন্সবিহীন ও অবৈধ ব্যাটারিচালিত রিকশার সংখ্যা অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় যানজট তীব্রতর হচ্ছে এবং নগরবাসীর নিরাপত্তা বিঘিœত হচ্ছে।
সভায় ফেডারেশনের নেতারা জানান, ব্যাটারিচালিত রিকশার দাপটে প্যাডেল চালিত রিকশা প্রায় বিলুপ্তির পথে। বর্তমানে অনেক চালকই প্যাডেল চালিত রিকশা চালাতে আগ্রহী নন। ফলে কিছু মালিক লাইসেন্সযুক্ত প্যাডেল রিকশার কাঠামোতে ব্যাটারি সংযুক্ত করেছেন। তারা দাবি করেন, লাইসেন্সকৃত যেসব প্যাডেল রিকশায় ব্যাটারি যুক্ত করা হয়েছে, সেগুলোকে নতুন নীতিমালার আওতায় বৈধতা প্রদান করার জন্য। এ ছাড়া ঢাকা শহরের স্থায়ী রিকশা মালিক ও চালক ছাড়া মৌসুমি রিকশা চালক ও ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি করা হয়।
ডিএসসিসি প্রশাসক বলেন, নীতিমালা অনুযায়ী নির্দিষ্ট ডিজাইন, গতি ও নিরাপত্তা বিশিষ্ট নির্দিষ্ট সংখ্যক রিকশা রাস্তায় চলবে, যাতে বিশৃঙ্খলা তৈরি না হয়। এ সময় ঢাকা শহরের বাইরে থেকে যারা অবৈধভাবে ব্যাটারিচালিত রিকশা নিয়ে ব্যবসা করছে তাদের বিরুদ্ধে ঢাকা শহরের প্রকৃত রিকশা চালক ও মালিকদের সোচ্চার হওয়ার আহ্বান জানান।
সভায় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো: জহিরুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।