মানসিক ভারসাম্যহীন নারীর নবজাতকের দত্তক নিতে ভিড়

Printed Edition

কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা

কিশোরগঞ্জের কটিয়াদীতে এক ভবঘুরে ও মানসিক ভারসাম্যহীন নারীর কোলজুড়ে এসেছে এক ফুটফুটে পুত্রসন্তান। গত রোববার রাতে উপজেলার বনগ্রাম ইউনিয়নের ভৈরব-কিশোরগঞ্জ সড়কের মধ্যপাড়া বাজারে শিশুটির জন্ম হয়। তবে নবজাতকের পরিচয়হীনতা নিয়ে স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে নানা প্রশ্ন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার রাতে ওই অপরিচিত নারীকে মধ্যপাড়া বাজারে উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করতে দেখেন এলাকাবাসী। পরদিন ভোরে তার কোলজুড়ে নবজাতককে দেখে সবাই অবাক হন। নিজের বা সন্তানের পরিচয় সম্পর্কে জানতে চাইলে ওই নারী অসংলগ্ন আচরণ করতে থাকেন। পরে স্থানীয়রা মা ও শিশুকে উদ্ধার করে ঘিলাকান্দী গ্রামের একটি পরিবারের হেফাজতে রাখেন।

পিতৃপরিচয়হীন এই শিশুর দায়িত্ব নিতে সোমবার সকাল থেকেই ওই বাড়িতে উৎসুক মানুষের ভিড় জমতে শুরু করে। নিঃসন্তান দম্পতিসহ এলাকার অনেকেই শিশুটিকে দত্তক নেয়ার আগ্রহ প্রকাশ করেছেন। তবে শিশুটি বর্তমানে স্থানীয় এক পরিবারের তত্ত্বাবধানে সুস্থ রয়েছে। উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল খায়ের জানান, দপ্তর থেকে শিশু ও মায়ের জন্য প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করা হবে।

কটিয়াদী ইউএনও শামীমা আফরোজ মারলিজ বলেন, দ্রুতই সরেজমিন পরিদর্শন করব। আবেগের বশবর্তী হয়ে কেউ চাইলেই শিশুটিকে নিজের কাছে নিয়ে নিতে পারবেন না। শিশুটির নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করেই পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।