কুবির শূন্য আসনে ভর্তি সম্পন্ন করতে গণবিজ্ঞপ্তি
Printed Edition
কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে শূন্য আসনে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে ‘এ’, ‘বি’ ও ‘সি’ ইউনিটের গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। চতুর্থ মেধা তালিকার ভর্তি শেষে এখনো ফাঁকা রয়েছে ৭০টি আসন।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ এমদাদুল হকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তি পরীক্ষায় চতুর্থ মেধা তালিকার পরবর্তী উত্তীর্ণ শিক্ষার্থীদের মেধাক্রম অনুযায়ী ১৯ থেকে ২০ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত সাক্ষাৎকার গ্রহণ করা হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ‘এ’ ইউনিটে মেধাক্রম ৪৩৩ থেকে ৭০০ পর্যন্ত শিক্ষার্থীদের সাক্ষাৎকারে অংশ নিতে বলা হয়েছে। ‘বি’ ইউনিটে মানবিক শাখায় ৪২৪ থেকে ৫৩৫, ব্যবসায় শিক্ষা শাখায় ১০৪ থেকে ১৫৯ এবং বিজ্ঞান শাখায় ১৫০ থেকে ২০৫ পর্যন্ত মেধাক্রমের শিক্ষার্থীদের ডাকা হয়েছে। ‘সি’ ইউনিটে ব্যবসায় শিক্ষা শাখায় ২৮১ থেকে ৪০০, মানবিক শাখায় ২৬ থেকে ৫০ এবং বিজ্ঞান শাখায় ২৯ থেকে ৫০ পর্যন্ত মেধাক্রমের শিক্ষার্থীদের সাক্ষাৎকারে অংশ নিতে বলা হয়েছে।
সাক্ষাৎকারে উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে শূন্য আসন থাকাসাপেক্ষে পরবর্তী মেধা তালিকা প্রকাশ করে ভর্তি সম্পন্ন করা হবে।