জরুরি সেবায় পাঁচবার কল করেও সহযোগিতা পায়নি পুলিশের

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

হামলাকারীদের কবল থেকে স্ত্রী সন্তানদের বাঁচাতে জরুরি সেবা ৯৯৯ এ পৌনে এক ঘণ্টায় পাঁচবার কল করেও কোনো লাভ হয়নি। উল্টো দুর্বৃত্তরা নির্মাণাধীন বাড়ির বিভিন্ন অংশ ভাঙচুর করে চলে গেছে। এমন ঘটনা ঘটেছে গতকাল মঙ্গলবার বিকেলে চাঁদপুর জেলার দক্ষিণ মতলব থানার ১ নম্বর ওয়ার্ড উত্তর বাইশপুর এলাকায়।

ভুক্তভোগী মো: লোকমান পাঠান অভিযোগ করে বলেন, ২০০৮ সালে তার চাচার কাছ থেকে সব শরিকের উপস্থিতিতে ১৭২ নম্বর বাইশপুর মৌজার বিএস ৭৯৬ হাল দাগ ৪৪৩৫-৪৪৩৬ এ ৬ শতক জমির বসতবাড়ি ক্রয় করেন। ওই সময় হামলাকারীরাও সব জানত। কিন্তু এত বছর পর সেই বাড়িতে ঘর নির্মাণ করতে গেলে রাসেল পাঠান, মো: আ: জলিল পাঠান, সোহেল পাঠানসহ ১০-১২ জন কাজে বাধা দেয়। পরে স্থানীয়রা একাধিকবার সালিস বৈঠক করে ঘর নির্মাণের অনুমতি দিয়ে যান। এরপরই সেখানে ঘর নির্মাণের কাজ শুরু হয়। লোকমান বলেন, গতকাল মঙ্গলবার তিনি বাড়ি থেকে ঢাকার কর্মস্থলে চলে এলে বেলা ২টার দিকে ওই দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। তারা আমার নির্মাণাধীন ভবনের বিভিন্ন অংশ ভেঙে ফেলে। এসময় বাড়িতে থাকা আমার স্ত্রীর ওপর হামলা চালায়। খবর পেয়ে স্ত্রী ও সম্পত্তি রক্ষায় ৩টা ৪৯ মিনিটে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল করেন। তারা দক্ষিণ মতলব থানার একটি মোবাইল নম্বর সেখানে কথা বললে পুলিশ বলে, ‘আচ্ছা দেখছি।’ এরপর ফোন কেটে দেয়। কিন্তু ওই দিকে দুর্বৃত্তরা তাণ্ডব চালাতে থাকে। এভাবে ৯৯৯ এ পাঁচবার কল করলেও ঘটনাস্থলে যায়নি পুলিশ। দুর্বৃত্তরা তাদের মনমতো ভাঙচুর লুটপাট করে চলে যায়।

লোকমান পাঠান আরো বলেন, বর্তমানে দুর্বৃত্তরা আমার সন্তানকে নানাভাবে হুমকি দিচ্ছে। একদিকে পুলিশি সহযোগিতা না পাওয়া আবার দুর্বৃত্তদের হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুগছে তার পুরো পরিবার। এ ব্যাপারে চেষ্টা করেও পুলিশের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।