চট্টগ্রামে অভিবাসী দিবসের সভা
প্রবাসীদের প্রেরিত অর্থই দেশের অর্থনীতিকে শক্তিশালী করছে
Printed Edition
চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: শরীফ উদ্দিন বলেছেন, রেমিট্যান্স হচ্ছে দেশের অর্থনীতির মেরুদণ্ড। প্রবাসীদের প্রেরিত অর্থই দেশের অর্থনীতিকে দিন দিন আরো শক্তিশালী করছে। এক সময় দক্ষতা অর্জন ছাড়া আমাদের দেশের লোকজন মধ্যপ্রাচ্যে গিয়ে কায়িক পরিশ্রম করার পরও কিছুই করতে পারত না। দক্ষতা অর্জনের মাধ্যমে বিদেশে গেলে আর কষ্ট পেতে হবে না। তারা নিজেরাই স্বাবলম্বী হবে এবং দেশকে আলোকিত করবে। দেশের অর্থনীতি সচল রাখতে প্রবাসীদের ভূমিকা অপরিসীম। দেশে ও বিদেশে কোনো প্রবাসী যাতে দালালের খপ্পরে পড়ে কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে ব্যাপারে আমাদেরকে আরো সর্তক থাকতে হবে। জীবনে উন্নতি করতে চাইলে রাষ্ট্রের শৃঙ্খলা মেনে চলতে হবে, নৈতিকতা চর্চা করতে হবে।
আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে গত বৃহস্পতিবার নগরীর চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস আয়োজিত আলোচনা সভা ও চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবসের এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে- ‘দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স নিয়ে গড়ব স্বদেশ’। আলোচনা সভার আগে সার্কিট হাউজ চত্বর থেকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: শরীফ উদ্দিনের নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে জেলা প্রশাসনের কর্মকর্তারা, বিভাগীয় কর্মসংস্থান ও জনশক্তি অফিস, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, প্রবাসী কল্যাণ ব্যাংক, প্রবাসী কল্যাণ সেন্টার, ওয়েল ফেয়ার সেন্টার, প্রবাসী কল্যাণ ডেস্কের প্রতিনিধিসহ বিভিন্ন এনজিও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত অংশ নেন।
অনুষ্ঠানে প্রবাসী মেধাবী সন্তানের হাতে শিক্ষাবৃত্তির চেক প্রদান, জেলার সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী ব্যক্তি ও সর্বোচ্চ রেমিট্যান্স আহরণকারী ব্যাংক প্রতিষ্ঠানকে সম্মাননা ক্রেস্ট দেয়া হয়। এ ছাড়া দিবসটি উপলক্ষে নগরীর আগ্রাবাদস্থ জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস সংলগ্ন মাঠে দিনব্যাপী জব ফেয়ারের আয়োজন করা হয়।
জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মহেন্দ্র চাকমার সভাপতিত্বে ও হজরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর প্রবাসী কল্যাণ ডেক্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: জহিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি ছিলেন বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (বিকেটিটিসি) অধ্যক্ষ প্রকৌশলী পলাশ কুমার বড়ুয়া, মহিলা টিটিসির অধ্যক্ষ প্রকৌশলী আশরিফা তানজীম, ইসলামী ব্যাংক পিএলসির এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান শহিদুল্লাহ মজুমজার, প্রবাসী কল্যাণ ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক হাসান মো: শাহরিয়ার, প্রবাসী কল্যাণ সেন্টারের সহকারী পরিচালক আতিকুল আলম, অসরকারি সংস্থা প্রত্যাশীর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মনোয়ারা বেগম।