চট্টগ্রামে ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন বিএনপির প্রার্থীরা

Printed Edition

চট্টগ্রাম ব্যুরো

বন্দরনগরী চট্টগ্রামে ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন বিভিন্ন আসনে বিএনপির প্রার্থীরা। নির্বাচনী প্রচারণায় বিএনপির প্রার্থীরা ধানের শীষে ভোট চাইলে গণভোট প্রশ্নে কোনো প্রচারণা লক্ষ করা যায়নি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ১১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী গতকাল শুক্রবার বিকেলে পতেঙ্গা এলাকায় ৪১ নম্বর ওয়ার্ড চরবস্তি, বিজয়নগর, ফুলছরি পাড়া, নিজাম মার্কেট, দক্ষিণপাড়াসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এ সময় বিএনপি নেতাকর্মীরা তার সাথে ছিলেন।

তিনি বলেন, জনগণ আজ উৎফুল্ল, আনন্দিত। দীর্ঘ ১৫ বছর পর মানুষ ভোট দিতে পারছে। তাদের সংসদ নির্বাচন করতে পারছে, তাদের সরকার নির্বাচনের সুযোগ পেয়েছে। নির্বাচিত সরকার জনগণের কাছে সচ্ছলতা ও জবাবদিহিতা থাকবে।

সবচেয়ে বড় আনন্দ বাংলাদেশে গণতন্ত্র ফিরে এসেছে, জনগণ তাদের মালিকানা ফিরে পাচ্ছে। গণতান্ত্রিক পরিবেশে মানুষ থাকতে পারবে, চলতে পারবে, স্কুল-কলেজ, হাসপাতালে যেতে পারবে। নির্ভয়ে জীবনযাপন করতে পারবে। তিনি বলেন, যারা আগামী নির্বাচন বানচাল করতে চায়, যাদের মানুষের ওপর আস্থা নেই তারা অনেক কিছু করতে চাইবে। এসব করে গণতন্ত্রের পথ রুদ্ধ করতে পারবে না। এসব কাজ জনগণের বিরুদ্ধে কাজ করবে। জনগণের দেশের মালিকানা ফিরিয়ে দেয়ার বিরুদ্ধে কাজ করবে। যারা এসব করবে তাদের জনগণ ব্যালটের মাধ্যমে প্রতিহত করবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা ডা: নূরুল আফসার, মো: ইসমাইল, আবদুস সাত্তার, ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মোহাম্মদ নাজিম উদ্দিন, সদস্য সচিব মো: আজম প্রমুখ নেতা।

৮ আসনে ধানের শীষের প্রার্থীর পথসভা-গণসংযোগ

চট্টগ্রাম-৮ আসনের ধানের শীষের প্রার্থী এরশাদ উল্লাহ নির্বাচনী প্রচারণা শুরু করে বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জুলুম-নির্যাতনের জবাব দিতে হবে। বিগত ১৭ বছরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী গায়েবি মামলায় জেল খেটেছে। এমনকি ভাইবোন আত্মীয়স্বজনের বিয়েশাদিতে পর্যন্ত যেতে পারেনি। ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতনের পর জুলুম থেকে মুক্তি পেয়েছে। তিনি বলেন, ধানের শীষ গণতন্ত্রের প্রতীক, উন্নয়নের প্রতীক। তিনি বোয়ালখালীর পশ্চিম গোমদণ্ডী খাজা রোড, বশরতনগর, চান্দারপাড়া, সবিল আমিন পোলদারপাড়া, পশ্চিম গোমদণ্ডী উচ্চবিদ্যালয়, লালমতি বাপের মসজিদ, তেলীপাড়া ব্রিজ, চরখিজিরপুর জানে আলম উচ্চবিদ্যালয়, বানু মেম্বারের টেক, চরখিজিরপুর ট্যাক্স ঘর, কালিদরের পুল, দীনবন্ধুর দোকান এলাকায় পৃথক পথসভা ও গণসংযোগকালে তিনি এ কথা বলেন।

চট্টগ্রাম-৯ আসনে সুফিয়ানের প্রচারণা : চট্টগ্রাম-৯ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আবু সুফিয়ানের নির্বাচনী প্রচারণা কার্যক্রমের শুভ উদ্বোধন করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন। এতে প্রধান অতিথির বক্তৃতায় বলেছেন, চট্টগ্রাম-৯ মর্যাদাপূর্ণ একটি আসন। এ আসনের ভোটারদেরকেও আমরা রাজধানীর ভোটারদের মতো মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে যাবো ইনশা আল্লাহ। আপনারা যারা এ আসনের ভোটার তারা রাজধানীর ভোটারদের মর্যাদায় সব সুযোগ-সুবিধা পাবেন। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, নির্বাচনের দিন আপনার সকালে সকালে ভোট দিয়ে ভোট কেন্দ্র পাহারা দেবেন; যাতে অতীতের মতো আর কেউ আপনাদের মূল্যবান ভোট ছিনিয়ে নিতে না পারে। তিনি আরো বলেন, এই নির্বাচন গণতন্ত্র ও স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার নির্বাচন।

এ সময় চট্টগ্রাম-৯ আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ আবু সুফিয়ান বলেন, আগামী নির্বাচন গণতন্ত্রের পথে উত্তরণে একটি মাইলফলক। গণতন্ত্রকে পুনরুদ্ধার করে জনগণের কাক্সিক্ষত সরকার প্রতিষ্ঠা করতে আমরা ভোটযুদ্ধে নেমেছি। জনগণ তাদের ভোটের মাধ্যমে ধানের শীষের বিজয় নিশ্চিত করবে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চট্টগ্রাম-৯ আসনে নির্বাচন পরিচালনা কমিটির চিফ কোঅর্ডিনেটর ও মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটনের পরিচালনায় বক্তব্য রাখেন বিএনপি নেতা এ এম নাজিম উদ্দিন, নাজিমুর রহমান, জাহাঙ্গীর আলম, হারুন জামান, নিয়াজ মোহাম্মদ খান, শওকত আজম খাজা, আহমেদুল আলম চৌধুরী রাসেল প্রমুখ।