ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪

Printed Edition

আলজাজিরা

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার কাছে দু’টি ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। এই দুর্ঘটনায় আহত হয়েছেন ৮০ জনেরও বেশি মানুষ। উদ্ধারকর্মীরা এখনো দুমড়ে-মুচড়ে যাওয়া বগির ভেতর আটকে পড়া যাত্রীদের উদ্ধারে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

সোমবার রাতে জাকার্তার পাশের বেকাসি সিটি রেল স্টেশনে একটি লোকাল ট্রেনের সাথে দূরপাল্লার একটি ট্রেনের সংঘর্ষ হয়। ইন্দোনেশিয়ার রাষ্ট্রীয় রেল কোম্পানি কাই (কেএআই) এক বিবৃতিতে জানায়, মঙ্গলবার সকাল পর্যন্ত ১৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে এবং ৮৪ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ইন্দোনেশিয়ার জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান মোহাম্মদ শাফি জানান, দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজ এখনো চলছে। ট্রেনের বগিগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় এবং কাজের জায়গা খুব সঙ্কীর্ণ হওয়ায় উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে। আটকে পড়া মানুষদের বের করে আনতে উদ্ধারকর্মীরা গ্রাইন্ডার মেশিন দিয়ে ট্রেনের ধাতব কাঠামো কেটে পথ তৈরি করছেন।