৬২তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠানে ড. আলী আজাদী

আইআইইউসি শুধু গ্র্যাজুয়েট নয় নৈতিক ও দায়িত্বশীল মানুষ তৈরি করতে চায়

Printed Edition
artho-3
আইআইইউসি শুধু গ্র্যাজুয়েট নয় নৈতিক ও দায়িত্বশীল মানুষ তৈরি করতে চায়

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী বলেন, আমাদের এই বিশ্ববিদ্যালয়ের নামের সাথে যেমন আন্তর্জাতিক শব্দটি যুক্ত, তেমনি এর রয়েছে আন্তর্জাতিক মান ও মর্যাদা। এখানে কেবল জ্ঞান অর্জন নয়, জ্ঞান সৃষ্টি ও গবেষণার ওপরও সমান গুরুত্ব দেয়া হয়। আইআইইউসি শুধু গ্র্যাজুয়েট তৈরি করতে চায় না; বরং নৈতিকতা, তাকওয়া ও দায়িত্ববোধসম্পন্ন মানবসম্পদ গড়ে তোলাই এই বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য।

গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মাঠে অনুষ্ঠিত আইআইইউসির ৬২তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কর্নেল মো: কাসেম (অব:), ট্রাস্টি বোর্ডের সদস্য ও ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান অধ্যাপক আহসানুল্লাহ ভূঁইয়া, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক ও আইআইইউসির বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. আবুল হাশেম, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. গিয়াস উদ্দিন হাফিজ ও প্রক্টর মোস্তফা মুনির চৌধুরী।

৬২তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নবাগত শিক্ষার্থীদের উদ্দেশে ভাইস-চ্যান্সেলর বলেন, বিশ্ববিদ্যালয় জীবন কেবল বই-পুস্তকের মধ্যে সীমাবদ্ধ নয়। প্রতিনিয়ত নতুন জ্ঞান সংযোজনের মাধ্যমে গবেষণায় মনোনিবেশ করতে হবে। বর্তমান জ্ঞানের সাথে নতুন কিছু যোগ করাই প্রকৃত গবেষণা। নতুনত্ব না থাকলে সেটিকে গবেষণা বলা যায় না।

অনুষ্ঠানে নবাগত ৭০০ জন ছাত্র ও ৬০০ জন ছাত্রীকে শপথ বাক্য পাঠ করান আইআইইউসির ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী। অতিথিদের বক্তব্যের আগে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্টুডেন্ট অ্যাফেয়ার্স ডিভিশনের পরিচালক মুহাম্মদ মামুনুর রশিদ ও বিভাগের অতিরিক্ত পরিচালক চৌধুরী গোলাম মাওলা। সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে দর্পণ সাহিত্য সাংস্কৃতিক সংসদ।

অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিনদের মধ্যে উপস্থিত ছিলেন শরিয়াহ ও ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ রশিদ জাহেদ, আইন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ মাইনুল আহসান খান, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ শামসুল আলম, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আক্তারুজ্জামান খান, আর্টস ও মানবিক অনুষদের ডিন মোহাম্মদ ইয়াসিন শরিফ, সমাজ বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. সিরাজুল ইসলাম। বিজ্ঞপ্তি।