জাতিসঙ্ঘের মহাসচিব পদে সপ্তম প্রার্থী উগান্ডার ওলারা ওতুন্নু
Printed Edition
এএফপি
জাতিসঙ্ঘের পরবর্তী মহাসচিব হওয়ার দৌড়ে শনিবার সপ্তম প্রার্থী হিসেবে যুক্ত হয়েছেন উগান্ডার ওলারা ওতুন্নু। তিনি দেশটির সাবেক বিরোধী দলীয় প্রেসিডেন্ট প্রার্থী এবং জাতিসঙ্ঘের সাবেক উচ্চপদস্থ কর্মকর্তা। জাতিসঙ্ঘ জানিয়েছে, নিজ দেশ উগান্ডার মনোনয়নে ৭৫ বছর বয়সী ওতুন্নুর প্রার্থিতা সদস্য দেশগুলোর কাছে উপস্থাপন করা হয়েছে।
ওতুন্নু ১৯৯৭ থেকে ২০০৫ সাল পর্যন্ত তৎকালীন জাতিসঙ্ঘ মহাসচিব কফি আনানের অধীনে জাতিসঙ্ঘের আন্ডার সেক্রেটারি জেনারেল এবং শিশু ও সশস্ত্র সঙ্ঘাতবিষয়ক বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি জাতিসঙ্ঘে উগান্ডার দূত হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া অল্প সময়ের জন্য দেশটির পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বও পালন করেন।
২০১১ সালের নির্বাচনে ওতুন্নু বিরোধী দল উগান্ডা পিপলস কংগ্রেসের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে তিনি দীর্ঘ দিনের নেতা ইওয়েরি মুসেভেনির কাছে পরাজিত হন। মুসেভেনি ১৯৮৬ সাল থেকে উগান্ডার ক্ষমতায় রয়েছেন। বর্তমান মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের স্থলাভিষিক্ত হওয়ার দৌড়ে আরো রয়েছেন- চিলির মিশেল ব্যাচেলেট, ইকুয়েডরের মারিয়া ফার্নান্দা এস্পিনোসা, আর্জেন্টিনার রাফায়েল গ্রসি, কোস্টারিকার রেবেকা গ্রিনস্প্যান, গায়ানার ক্যারোলিন রড্রিগেস-বিরকেট এবং সেনেগালের ম্যাকি সাল।