বিশ্বকাপ প্রশ্নে চুপ লিটন

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

বিপিএলের এলিমিনেটরে সিলেট টাইটান্সের কাছে শেষ বলে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর সংবাদ সম্মেলনে রংপুর রাইডার্স অধিনায়ক লিটন দাস এলে ম্যাচের চেয়ে বেশি প্রশ্নই ছিল বিশ্বকাপ নিয়ে। বিশ্বকাপে খেলতে যাবেন কি না- এমন প্রশ্নে লিটন স্পষ্ট করে বলেন, ‘সিউর না।’

বিশ্বকাপ খেলা নিয়ে বিসিবির অবস্থান আদর্শ কি না জানতে চাইলে সংক্ষিপ্ত জবাব ছিল, ‘নো কমেন্ট।’ বোর্ডের পক্ষ থেকে তার সঙ্গে কোনো যোগাযোগ হয়েছে কি না। সোজাসাপটা উত্তর, ‘না।’ আলোচনা কি করা উচিত ছিল?’- এই প্রশ্নে বলেন, ‘আমার সঙ্গে কথা হয়নি।’ বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তার বিষয়টি বোঝাতে গিয়ে লিটন দুবার সাংবাদিকদের পাল্টা প্রশ্ন করেন, ‘আপনি কি নিশ্চিত আমরা বিশ্বকাপ খেলব?’ জাতীয় দলের অধিনায়ক হিসেবে নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে লিটন বলেন, ‘আমরা ১৫ জনের কেউই জানি না কোন দেশে যাব, কই খেলব। শুধু আমরা না পুরো দেশই জানে না।’

এক বছর ধরে টি-২০ দলের নেতৃত্বে আছেন লিটন দাস। এই সময়ের মধ্যে তার অধীনে টানা পাঁচটি সিরিজ জিতেছে বাংলাদেশ। পুরো পরিকল্পনাই ছিল বিশ্বকাপকে সামনে রেখে। অথচ এখন বিশ্বকাপ শুরুর মাত্র দুই সপ্তাহ আগে এসে কোনো প্রশ্নেরই জবাব মিলছে না। লিটন বলেন, ‘যদি আপনি জানতেন গ্রুপে কে থাকবে, কোন দেশে যাচ্ছেন, এটা সাহায্য করত। আমার জায়গা থেকে আমি যেমন অনিশ্চয়তায় আছি, সবাই একই অবস্থায় আছে।’

পুরো পরিস্থিতি আদর্শ কি না- এই প্রশ্নের উত্তরে লিটন বলেন, ‘দেখুন, অনেক কিছুই জীবনে আদর্শ নয়। কিন্তু সময়ের সঙ্গে চলে এলে ওটাকে গ্রহণ করে নিতে হবে।’

এলিমিনেটর ম্যাচের উইকেট নিয়ে নিজের মতামতে লিটন জানান, ‘টি-২০র জন্য এটা আদর্শ উইকেট নয়। প্লে-অফের ম্যাচে আরও ভালো উইকেট আশা করছিলাম।’