রাজধানীর দারুস সালামে নিজ বাসায় টেলিভিশন দেখার সময় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে জেসমিন বেগম (৩৮) নামে এক গৃহিণী গুরুতর আহত হয়েছেন।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে দারুস সালাম থানাধীন মাতবরবাড়ি মসজিদ গলি এলাকার একটি টিনশেড বাসায় এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ভর্তি দেন।

আহত জেসমিন বেগম ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার উত্তর দাললা গ্রামের আব্দুল মান্নানের স্ত্রী। তিনি পরিবারের সাথে দারুস সালামের ওই ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।

আহতের ছেলে মোহাম্মদ ইয়াসিন বলেন, রাত সাড়ে ৮টার দিকে আমাদের টিনশেড বাসায় আমার মা জানালা খোলা রেখে টিভি দেখছিলেন। হঠাৎ অজ্ঞাত পরিচয়ের দুর্বৃত্তরা জানালা দিয়ে গুলি করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় আমার মাকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাই। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালে নিয়ে এলে চিকিৎসক ভর্তি করেন। কী কারণে আমার মাকে তারা গুলি করে পালিয়ে গেছে এ বিষয়টি আমরা কিছু বলতে পারব না।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক বলেন, দারুস সালাম মাতবরবাড়ি মসজিদ গলি এলাকা থেকে এক নারী গুলিবিদ্ধ হয়ে এসেছে, তাকে জরুরি বিভাগের চিকিৎসা দেয়া হচ্ছে। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানা পুলিশকে অবগত করেছি। তার ডান হাতে গুলিবিদ্ধ হয়েছে।