মাইজভাণ্ডারী ট্রাস্টের অর্থায়নে চমেকে আধুনিকায়নকৃত সিসিইউর উদ্বোধন
Printed Edition
ত্বরিকা-ই মাইজভাণ্ডারীয়ার প্রবর্তক মাওলানা শাহ্ সুফি সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারী (ক.)-এর দ্বিশততম জন্মবার্ষিকী ও ১২০তম ওরস শরিফ উপলক্ষে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) সংস্কার ও আধুনিকায়ন করা হয়েছে। হজরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্টের অর্থায়নে সোয়া দুই কোটি টাকা ব্যয়ে সম্পন্ন এই প্রকল্পের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা: শাহাদাত হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র ডা: শাহাদাত হোসেন বলেন, ‘সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্টের এই উদ্যোগ বৃহত্তর চট্টগ্রামের কোটি মানুষের হৃদরোগ চিকিৎসায় নতুন দ্বার উন্মোচন করবে।’ আধুনিকায়নের ফলে সিসিইউতে বেড সংখ্যা ১৫ থেকে ২৩টিতে উন্নীত করা হয়েছে। প্রথমবারের মতো এখানে সেন্ট্রাল মনিটর সিস্টেম চালু করা হয়েছে। এ ছাড়া ২৪টি অত্যাধুনিক পেশেন্ট বেড, ২৩টি পেশেন্ট মনিটর, ৪০টি ইনফিউশন পাম্প, ৬টি টেম্পোরারি পেসমেকার মেশিন, অত্যাধুনিক ইকো ও ইসিজি মেশিনসহ যাবতীয় জীবনরক্ষাকারী সরঞ্জাম ও আধুনিক ডক্টরস-নার্স স্টেশন স্থাপন করা হয়েছে।
চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় মেয়র ডা: শাহাদাত হোসেন মানবিক এই প্রকল্পটি বাস্তবায়নের জন্য ট্রাস্টের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চমেক ভিসি অধ্যাপক ডা: আবদুর রব, হৃদরোগ বিভাগের প্রধান ডা: নূর উদ্দিন তারেক, নেফ্রোলজি বিভাগের প্রধান ডা: নুরুল হুদা চৌধুরী এবং সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডরী (ক.) ট্রাস্টের সচিব অধ্যাপক এ ওয়াই এম ডি জাফর ও উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ জসীমউদ্দিন। বিজ্ঞপ্তি।