বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের ইন্তেকাল

Printed Edition

বাসস

বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান গতকাল শুক্রবার ভোরে রাজধানীর স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৫৮ বছর।

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো: কামাল হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, রক্তের প্লাটিলেট কমে যাওয়ায় গত ১৩ এপ্রিল তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার শরীরে ম্যালেরিয়া ধরা পড়ে।

মাহবুবুর রহমান ১৩তম বিসিএস শুল্ক ও আবগারি ক্যাডারের একজন কর্মকর্তা ছিলেন। তার গ্রামের বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়ায়।

বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের জানাজার নামাজ গতকাল বাদ জুমা ইস্কাটনের সচিব নিবাস প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। জানাজায় বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো: আব্দুল বারী, মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি, ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়ী নেতারা, সর্বসাধারণ ও পরিবারের সদস্যগণ অংশ নেন।

তাকে গাজীপুর জেলার গাছা এলাকায় দাফন করা হবে বলে পারবারিক সূত্রে জানিয়েছে।

ক্যাবের শোক : বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের ইন্তেকালে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) গভীর শোক প্রকাশ করেছে। ক্যাব তার রূহের মাগফিরাত কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।