জনগণের হাতে আবার দেশের ভবিষ্যৎ নির্ধারণের সুযোগ এসেছে : ফখরুল

Printed Edition
first-4
ঠাকুরগাঁওয়ে নির্বাচনী পথসভায় বক্তব্য রাখেন মির্জা ফখরুল ইসলাম : নয়া দিগন্ত

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের মানুষ আজ জেগে গেছে। আগের নির্বাচনগুলোতে তারা ভোট দিতে পারেনি। তাই এবার তারা পণ করেছে, সামনের নির্বাচনে ভোট তারা দিয়েই ছাড়বে। জনগণ- আপনারাই ভোট পাহারা দেবেন। হিন্দু মুসলিম সবাই একজোট হয়ে ভোট দিতে পারেন। বিগত ১৭ বছর ধরে দেশের মানুষ ফ্যাসিস্ট শাসনের নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছে। সেই অন্ধকার সময় পেরিয়ে এখন জনগণের হাতে আবার দেশের ভবিষ্যৎ নির্ধারণের সুযোগ এসেছে। গতকাল দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার মোহম্মদপুর ইউনিয়নের কাজিপাড়া ঈদগাহ ময়দানে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বিগত সময়ে আমরা নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র হতে দেখেছি। কিছু লোক থাকবেই নির্বাচনকে বানচাল করতে। কিন্তু আমার বিশ্বাস এবারের নির্বাচনটাকে কেউ বন্ধ করতে পারবে না, বানচাল করতে পারবে না।

নিজ দল ও শেখ হাসিনা সম্পর্কে তিনি বলেন, এরকম নেতা আমরা চাই না, যে নেতা অসংখ্য নেতাকর্মীদের ছেড়ে পালিয়ে যায়। আমরা কোনো চোর ডাকাতের দল করি না। আমরা শহীদ জিয়ার দল করি। আমাদের একটা আদর্শ আছে।

নিজ নেতাকর্মীদের হয়ে মাফ চেয়ে মির্জা ফখরুল বলেন, আমাদের ছেলেরা নির্বাচনী কাজে যদি আগ বাড়িয় কিছু করে তাহলে তাদের ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। কেউ কিছু করে থাকলে তাদের হয়ে আমি ক্ষমা চাচ্ছি আপনাদের কাছে।

সভায় এক সমর্থকের দেয়া ডিম ও মাটির ব্যাংক পেয়ে আবেগে অশ্রুসিক্ত হয়ে তিনি শহীদদের মাগফিরাত কামনা করেন এবং ভোট চেয়ে বলেন, বেগম খালেদা জিয়ার মার্কা এ ধানের শীষ। ১২ তারিখের নির্বাচনে আপনারা এ মার্কায় আমাকে ভোট দিয়ে শেষবারের মত জনগণের সেবা করার সুযোগ করে দেবেন।

নির্বাচনী পথসভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।