সিংড়ায় পে-স্কেলের দাবিতে মানববন্ধন কর্মবিরতি
Printed Edition
সিংড়া (নাটোর) সংবাদদাতা
পে-স্কেল বাস্তবায়নের দাবিতে নাটোরের সিংড়া উপজেলায় বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও কর্মবিরতি পালন করেছেন বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা-কর্মচারীরা। গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদ এলাকায় এ কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিতে অংশ নেন উপজেলার বিভিন্ন দফতরের শতাধিক কর্মকর্তা ও কর্মচারী। সকাল ৯টার দিকে তারা উপজেলা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে মানববন্ধন করেন। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল শেষে কোর্ট মাঠে পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে পে-স্কেল সংক্রান্ত দাবি বাস্তবায়ন না হওয়ায় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। দ্রুত দাবি পূরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তারা। দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরো কঠোর কর্মসূচি দেয়ারও ঘোষণা দেয়া হয়।
কর্মসূচিতে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের যক্ষা ও কুষ্ঠ সহকারী মমিনুল ইসলাম, ইউএনও কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্মকর্তা আছিয়া খাতুন, অফিস সহকারী সারোয়ার হোসেন, উপজেলা পরিষদের সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর মাহবুব হোসেন, সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের নাজির আবুল বাসার, প্রাথমিক শিক্ষা কার্যালয়ের অফিস সহকারী রাহিমা খাতুন এবং মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের অফিস সহায়ক শাহ আলমসহ আরো অনেকে।