শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে রাজধানীতে ছাত্রশিবিরের বিক্ষোভ
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন স্থগিত করার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণ।
গতকাল বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে মিছিলটি শুরু হয়ে। পল্টন মোড় হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে শাকসু নির্বাচন বন্ধের সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান সংগঠনের নেতারা।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শিবিরের কেন্দীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুতাসিম বিল্লাহ শাহেদী বলেন, শিক্ষার্থীরা দীর্ঘ ২৮ বছর পর তাদের ভোটাধিকার ফিরে পেয়েছিল। কিন্তু একটি কুচক্রী মহল পেশিশক্তির জোরে নির্বাচন বন্ধ করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে চাপ দিচ্ছে, যা প্রোভিসির বক্তব্যে স্পষ্ট হয়েছে। বিগত সময়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নির্বাচন বানচালের চেষ্টা করে ব্যর্থ হয়ে এখন শাকসুকে লক্ষ্যবস্তু করা হয়েছে। আগামী ১২ তারিখ ব্যালট বিপ্লবের মাধ্যমে জনতা এর দাঁতভাঙা জবাব দিবে।
তিনি অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রোভিসিসহ শিক্ষকরা তারেক বহমানের রাজনৈতিক সমাবেশে অংশ নিচ্ছেন, যা আইনবহির্ভূত এবং নিরপেক্ষ নির্বাচনের পথে অন্তরায়। গত ২০ জানুয়ারি হাইকোর্টের আদেশে শাকসু নির্বাচনের পথ সুগম হয় এবং পরবর্তীতে চেম্বার আদালত তা বহাল রাখেন। তবে ছাত্রদলের টানা দুই দিনের অবস্থান কর্মসূচির পর পুনরায় হাইকোর্ট নির্বাচন স্থগিত করেন।
স্থগিতাদেশের বিরুদ্ধে শিক্ষার্থীরা আবারো চেম্বার আদালতের শরণাপন্ন হলেও আদেশের অনুলিপি (যাতে বিচারকদের স্বাক্ষর ছিল না) উপস্থাপন করতে না পারায় বর্তমানে নির্বাচন প্রক্রিয়া থমকে আছে।
বিক্ষোভ-পরবর্তী সমাবেশে ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হেলাল উদ্দিন রুবেল, সাবেক সভাপতি ও ডাকসুর পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহসহ মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতা উপস্থিত ছিলেন। তারা অবিলম্বে স্থগিতাদেশ প্রত্যাহার করে নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।