রাজপথে মৃত্যুর হানা

৩ জেলায় নিহত ৫

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

সড়ক দুর্ঘটনায় গতকাল ভোলা, নাটোর ও ময়মনসিংহে পাঁচজন নিহত হয়েছেন।

লালমোহন (ভোলা) সংবাদদাতা জানান, ভোলার লালমোহন উপজেলায় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ভোলা-চরফ্যাসন আঞ্চলিক মহাসড়কের ডা: আজহার উদ্দিন ডিগ্রি কলেজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন-গজারিয়া এলাকার আবু তাহের মাতাব্বর (৪৫) এবং মো: অলি উল্যাহ ডুবাই (৫৮)। তারা দু’জন সম্পর্কে আপন শ্যালক-দুলাভাই।

জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে গজারিয়া বাজার থেকে মোটরসাইকেলে কর্তারহাট এলাকায় মাহফিল শুনতে রওয়ানা দেন আবু তাহের মাতাব্বর ও অলি উল্যাহ ডুবাই। তারা ডা: আজহার উদ্দিন ডিগ্রি কলেজ এলাকায় পৌঁছালে অপর দিক থেকে আসা ভোলাগামী একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তারা। এ ঘটনায় বাসে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা।

ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি মিনি বাস উল্টে বাস হেলপারসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আরো ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার মেহরাবাড়ি এলাকায় সুলতানা সুয়েটার্স লিমিটেড কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মানিকগঞ্জের ঘিওর উপজেলার জগন্নাথদিয়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে বাস হেলপার অনিক মিয়া (৩২) এবং ভালুকা উপজেলার বিরুনিয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে শাহজান সিরাজী (৪০)।

পুলিশ সূত্রে জানা গেছে, ময়মনসিংহগামী একটি মিনি বাস হঠাৎ চালক ব্রেক চাপলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে বাসের হেলপারসহ অন্তত ১২ জন যাত্রী গুরুতর আহত হন। খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিস ও ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালে চিকিৎসক অনিক মিয়া ও শাহজান সিরাজীকে মৃত ঘোষণা করেন।

নাটোর প্রতিনিধি জানান, নাটোরে সদরের দিঘাপতিয়া ইউনিয়নের পূর্ব হাগুরিয়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সাথে ধাক্কা লেগে আকাশ (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত আকাশ দিঘাপতিয়া ইউনিয়নের নওপাড়া গ্রামের রেজাউল করিমের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে আকাশ তার মোটরসাইকেল নিয়ে নাটোর-বগুড়া মহাসড়কে দিয়ে যাওয়ার সময় পূর্ব হাগুড়িয়া নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সাথে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।